রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্য কোর্সবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে গতকাল রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি আন্দোলনের প্রেক্ষাপট ছিল—এ ক্যাম্পাসে ৪২টি ফি হুট করে বৃদ্ধি করা হয়েছিল। এমনকি সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদের বাণিজ্যিক সান্ধ্য কোর্স চালুর পাঁয়তারা করা হয়েছিল। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ছাত্রলীগ হামলা চালায়। ঘটনার পর উল্টো আন্দোলনরত শিক্ষার্থীদের নামেই মামলা দেওয়া হয়।
বিপ্লবী ছাত্র মৈত্রীর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রদীপ মার্ডির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আবদুল মজিদ, প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক আহমেদ শাকিল, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ইকবাল কবির, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম মোস্তফা, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিলানী শুভ প্রমুখ।