শিক্ষার্থীর কাঁধে ভর দিয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ। প্রথম আলো ফাইল ছবি।
হাছান মাহমুদ। প্রথম আলো ফাইল ছবি।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ বলেছেন, শিক্ষার্থীদের কাঁধে ভর দিয়ে বিএনপি রাজনীতি করার চেষ্টা করবে, আর সরকার সে ফাঁদে পা দেবে—তা হয় না।

ঢাকার জাতীয় প্রেসক্লাবে আজ সোমবার দুপুরে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ নামের একটি সংগঠনের এক আলোচনা সভায় হাছান মাহমুদ এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, শিক্ষার্থীদের কাঁধে ভর দিয়ে বিএনপি রাজনীতি করার চেষ্টা করবে, আর সরকার সে ফাঁদে পা দেবে—সেটা হয় না। তিনি আরও বলেন, বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পর থেকে চাকরিতে কোটাপদ্ধতি চালু হয়। সাড়ে চার দশক ধরে এ পদ্ধতি চালু রয়েছে। সেটা বাতিল করতে হলে কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হয়। শাহবাগ আর কয়েকটা বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন করার সঙ্গে সঙ্গে কোটাপদ্ধতি বাতিল করে দেওয়া যায় না।

সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে হারার পর দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কয়েকজন শিক্ষার্থীর কাঁধে ভর দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায় বিএনপি। তিনি বলেন, এত দিন পরে কোটা আন্দোলনকারীরা সরব হওয়ার পেছনে রাজনীতি রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোটা আন্দোলনকারীরা আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে।

হাছান মাহমুদ আরও বলেন, একদিকে কোটা বাতিলের, আরেক দিকে কোটা বহালের আন্দোলন চলছে। সরকার শুধু একপক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেবে না। সরকারকে সবার কথা শুনতে হবে। এই পদ্ধতি বাতিল করতে হলে সরকারকে চিন্তাভাবনা করে বিচার–বিশ্লেষণ করতে হবে। কোনো অনগ্রসর জাতিগোষ্ঠী যেন বৈষম্যের শিকার না হয়। সবার মতের প্রতিফলন যেন ঘটে, সে বিষয়গুলোকে খেয়াল রেখতে হবে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক ও চিত্রনায়িকা কবরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়াতুল ইসলাম প্রমুখ।