শিক্ষায় এগিয়ে বিএনপি সম্পদে আ.লীগ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও ব্যাংকে জমানো টাকার পরিমাণ বেশি। তবে শিক্ষায় পিছিয়ে থাকলেও বার্ষিক আয় ও সম্পদ বেশি আওয়ামী লীগ প্রার্থীর। রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা প্রার্থীদের হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। 

নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী বর্তমান মেয়র খোরশেদ আলম ভূঁইয়া, আওয়ামী লীগের প্রার্থী আবু নাঈম মো. বাশার, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ ও স্বতন্ত্র প্রার্থী মীর মো. শাজাহান, স্বতন্ত্র প্রার্থী আশরাফ আলী, মো. তোফাজ্জাল হোসেন ও মো. হাফিজ উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নির্বাচনে মূলত খোরশেদ আলম ভূঁইয়া, আবু নাঈম মো. বাশার ও মীর মো. শাজাহানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

শিক্ষাগত যোগ্যতা ও পেশা: খোরশেদ আলম রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস পাস। তিনি পেশায় আইনজীবী। আবু নাঈম মো. বাশার এসএসসি পাস। তিনি ডেইরি ফার্ম, কৃষি ও মৎস্য চাষের সঙ্গে জড়িত। মীর মো. শাজাহান শিক্ষাগত যোগ্যতায় দশম শ্রেণি উল্লেখ করেছেন। তাঁর পেশা কৃষি।

বার্ষিক আয়: খোরশেদ আলম ভূঁইয়ার বার্ষিক মোট আয় ৩ লাখ ৫৬ হাজার টাকা। এর মধ্যে কৃষি খাতে ছয় হাজার, পেশাগত আয় ১ লাখ ৭০ হাজার টাকা ও মেয়র হিসেবে সম্মানীর ১ লাখ ৮০ হাজার টাকা।

মো. বাশারের মোট বার্ষিক আয় ৫ লাখ ৮৫ হাজার টাকা। এর মধ্যে কৃষি খাতে ৫০ হাজার, বাড়ি-দোকানভাড়া বাবদ ৩৫ হাজার ও ব্যবসা থেকে পাঁচ লাখ টাকা। মীর মো. শাজাহানের শুধু কৃষি খাতে বার্ষিক আয় ১ লাখ ৩০ হাজার টাকা।

সম্পদ: খোরশেদ আলমের নগদ ১০ হাজার টাকা, ব্যাংকে ৬ লাখ ৮৫ হাজার ও স্ত্রীর নামে ২০ ভরি স্বর্ণালংকার রয়েছে। তাঁর যৌথ মালিকানায় ১৮০ শতক কৃষি ও ২০ শতক অকৃষি জমি রয়েছে। অংশীদার হিসেবে তাঁর ৪৫ শতক কৃষি ও ৫ শতক অকৃষি জমি রয়েছে।

মো. বাশারের নগদ এক লাখ টাকা ও স্ত্রীর নামে ৪৫ ভরি স্বর্ণালংকার রয়েছে। তাঁর কৃষিজমির পরিমাণ ৩৫৬ শতক ও অকৃষি জমি রয়েছে ৬১ শতক। এ ছাড়া তাঁর নিজের নামে একটি টিনশেড বাড়ি রয়েছে।

মীর মো. শাজাহানের নিজের নামে নগদ রয়েছে ২০ হাজার টাকা ও স্ত্রীর নামে পাঁচ হাজার টাকা। নিজের নামে ব্যাংকে রয়েছে এক লাখ টাকা ও স্ত্রীর ১০ ভরি স্বর্ণালংকার রয়েছে। তাঁর নামে ২৫ শতক ও স্ত্রীর নামে ২৩ শতক কৃষিজমি রয়েছে। এ ছাড়া তাঁর নিজের ১৯ শতক অকৃষি জমি ও একটি বাড়ি রয়েছে। 

সিঙ্গাইর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন বলেন, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, স্থাবর, অস্থাবর সম্পদসহ অন্য তথ্য সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।