শিক্ষিত নারীকে কোনো শক্তি রুখতে পারে না: আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, টেকসই উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি নারীকে দরকার। একজন নারী যদি শিক্ষিত হন, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাঁকে রুখতে পারে না।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে আইভী এসব কথা বলেন। আগারগাঁওয়ে নিজস্ব মিলনায়তনে ‘টেকসই উন্নয়নে নারীর ক্ষমতায়ন, সমতা ও বৈষম্যহীনতা’ শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজন করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
আইভী বলেন, ‘নারীর ক্ষমতায়ন ও নারী স্বাবলম্বী হওয়ার জন্য সবচেয়ে জরুরি হলো, শিক্ষা। অনেক সীমাবদ্ধতা আছে, তারপরও আমাদের এগিয়ে যেতে হবে। আমি নারীদের সংরক্ষিত আসন তুলে দেওয়ার পক্ষে। আমাদের উচিত, নারী হিসেবে নয়; নিজেকে মানুষ হিসেবে চিন্তা করা।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফের সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি বলেন, ‘গ্রামে গিয়ে দেখি নারী নির্যাতন ও বাল্যবিবাহ এখনো প্রকট আকারে আছে। তবে নারীদের অবস্থার অনেক পরিবর্তন হচ্ছে। নারীরা যেভাবে উন্নতি করছে এভাবে উন্নয়ন চলতে থাকলে চাইলেও কেউ তাদের ঠেকিয়ে রাখতে পারবে না।’
পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম বলেন, ‘আমরা বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের দেশের নারীরা প্রশাসনসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া। পিকেএসএফের বোর্ড সদস্য প্রতিমা পাল মজুমদার অনুষ্ঠানে বক্তব্য দেন।