শিগগির হচ্ছে না ঢাকা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি
নির্দিষ্ট সময়ে ঢাকা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘কোনো টাইমফ্রেমের মধ্যে ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া যাবে না। কারণ আমাদের কাজ শুরু করতে দেরি হয়েছে।’
আজ সোমবার বিকেলে রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির জরুরি বৈঠক শেষে মির্জা আব্বাস এমন কথা বলেন। বৈঠকে আগামী বুধবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির চেয়ারপারসনের কারামুক্তি দিবসের অনুষ্ঠান সফল করাসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মির্জা আব্বাস বলেন, ‘ঢাকা মহানগরের আহ্বায়ক কমিটি গঠিত হওয়ার পর ঈদ গেছে। আমরা নানা কর্মসূচিও পালন করেছি। সুতরাং নির্দিষ্ট সময়ে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া যাবে না। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।’
‘আপনাদের আন্দোলনে নামতে সরকার বেশি বাধা, না বিএনপির সাংগঠনিক অবস্থা বেশি বাধা? একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে কিছুক্ষণ চুপ করে থাকেন মির্জা আব্বাস। এরপর তিনি বলেন, ‘সরকারই বেশি বাধা দিচ্ছে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আরও বলেন, ‘এখনো আমাদের নগরের বিভিন্ন জায়গায় স্বাভাবিক মিটিং করতে দেওয়া হচ্ছে না। তার পরও আমাদের সাংগঠনিক অবস্থার যথেষ্ট অগ্রগতি হচ্ছে। তবে বিএনপির দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় দলীয় কর্মকাণ্ড চালাতে সমস্যা হচ্ছে।’ তবে ঢাকা মহানগরের কোন কোন এলাকায় বিএনপিকে সভা করতে দেওয়া হয়নি, সেটা তিনি স্পষ্ট করে বলতে পারেননি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, বরকত উল্লা, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে দেড় ঘণ্টাব্যাপী ঢাকা মহানগর বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মহানগর আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন।