শিগগিরই চাই গ্রহণযোগ্য নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক ভবিষ্যৎ নেই। দেশকে বাঁচাতে হলে পরিবর্তন দরকার। সেই পরিবর্তনের হাওয়া শুরু হয়ে গেছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব গতকাল রোববার সন্ধ্যায় নীলফামারী শহরের উন্মুক্ত মঞ্চে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ‘খুব শিগগিরই আমরা সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার চাই।’
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের সামনে এখন বড় দুটি সমস্যা। একটি হলো দেশে কোনো গণতান্ত্রিক সরকার নেই, অন্যটি হলো দুর্নীতি। দুর্নীতির মাধ্যমে সরকার গোটা রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। সরকার দেশকে অনিশ্চয়তার জায়গায় নিয়ে গেছে, যে কারণে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়ে গেছে। তিনি আরও বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও রাষ্ট্রদূত ড্যান মজীনা সম্পর্কে আওয়ামী লীগ নেতাদের উল্টাপাল্টা বক্তব্যের কারণে বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
সম্মেলনে আনিছুল আরেফিন চৌধুরীকে সভাপতি ও শামসুজ্জামানকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এ দুই নেতাকে ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।