শিগগিরই সালাহ উদ্দিনের তথ্য: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব উল আলম হানিফ
মাহবুব উল আলম হানিফ

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ নিখোঁজ হওয়ার ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘কোথায়, কী কারণে উনি (সালাহ উদ্দিন) গিয়েছেন শিগগিরই এর প্রকৃত তথ্য উদঘাটন হবে।’
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের নিজ বাড়িতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, বিএনপি নেতা সালাহ উদ্দিনের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট আছেন। সালাহ উদ্দিন আহমদকে তাঁরা খুঁজে বের করার চেষ্টা করছেন।
বিএনপির সঙ্গে সংলাপের ব্যাপারে হানিফ অভিযোগ করে বলেন, বিএনপির নেতৃত্বে ২০ দল সাম্প্রতিককালে আন্দোলনের নামে

পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। এই হত্যার দায়ভার যাঁদের ওপরে, রক্তের দাগ যাঁদের হাতে, তাঁদের সঙ্গে সংলাপে বসার আগ্রহ সরকারের নেই। তাঁর দাবি, কোনো খুনির সঙ্গে সরকার সংলাপে বসতে রাজি না। এই মুহূর্তে সরকার সংলাপের কথা ভাবছে না, জনগণও তা চায় না বলে তিনি মন্তব্য করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।