শিগগিরই হচ্ছে না মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দিষ্ট সময়ে ঢাকা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব নয় বলে জানিয়েছেন দলটির মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস। তিনি বলেন, ‘কোনো টাইমফ্রেমের মধ্যে ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া যাবে না। কারণ, আমাদের মহানগরের কাজ শুরু করতে দেরি হয়েছে।’
গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির বৈঠক শেষে মির্জা আব্বাস সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। বৈঠকে কাল বুধবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবসের অনুষ্ঠান সফল করাসহ সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা হয়।
মির্জা আব্বাস বলেন, ‘আহ্বায়ক কমিটি গঠিত হওয়ার পর ঈদ গেছে। আমরা নানা কর্মসূচিও পালন করেছি। সুতরাং নির্দিষ্ট সময়ে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া যাবে না। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।’
এর আগে দেড় ঘণ্টাব্যাপী ঢাকা মহানগর বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মহানগরের আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন।