শিনজো আবের সঙ্গে সাক্ষাত্ করবেন খালেদা জিয়া
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দুদিনের রাষ্ট্রীয় সফরে ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকায় আসছেন। ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর সোনারগাঁ হোটেলে শিনজো আবের সঙ্গে সাক্ষাত্ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়েরুল কবির খান প্রথম আলোকে এ তথ্য জানান।
এদিকে সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন শিনজো আবে। এ ছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন তিনি। পাশাপাশি দুই দেশের বিনিয়োগকারীদের আয়োজনে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেবেন জাপানের প্রধানমন্ত্রী।
চলতি বছরের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টোকিও সফরের পর ফিরতি সফরে ঢাকায় আসছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
২০০০ সালে জাপানের তত্কালীন প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরির পর এটাই হবে জাপানের কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর।