শিবগঞ্জ পৌর যুবলীগের সম্মেলন আজ
বগুড়ার শিবগঞ্জ পৌর যুবলীগের প্রথম সম্মেলন আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০২ সালে পৌরসভা গঠনের পর পরই যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার ঘোষণা থাকলেও তা বাস্তবায়িত হয়নি।
উপজেলার শহীদ হাফিজার রহমান মিলনায়তনে এ সম্মেলনে ১২১ জন কাউন্সিলর তাঁদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন। পৌর যুবলীগের সভাপতি পদে আজিজুল হক ওরফে মিলন, হারুন-উর-রশীদ ও রুমান খন্দকার এবং সাধারণ সম্পাদক পদে শাহাবুদ্দিন শিবলী ও তাহেরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় মাঠপর্যায়ের কর্মীরা অনুপ্রাণিত হয়েছেন। কিন্তু যাঁরা পদ পেতে চান তাঁরা রয়েছেন উদ্বেগ-উৎকণ্ঠায়। শীর্ষ দুই পদে নেতাদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পৌর কমিটির বিভিন্ন পদ পেতে আগ্রহীরা দিনরাত কাউন্সিলরদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেছেন।
কাউন্সিলর বজলার রহমান বলেন, ‘পৌরসভা গঠনের এক যুগ পর এই প্রথম যুবলীগের সম্মেলনের তারিখ নির্ধারিত হওয়ায় কর্মীরা অনুপ্রাণিত হয়েছেন। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য নেতার হাতে নেতৃত্ব তুলে দিতে চাই।’ নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কাউন্সিলর বলেন, ‘পৌর কমিটির নেতৃত্ব পেতে অনেকেই কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করছেন। অনেকে নানা অঙ্গীকার করে কাউন্সিলরদের তাঁদের পক্ষে টানার চেষ্টা করছেন। কেউ কেউ আবার গোপনে টাকা বিলাতে শুরু করেছেন।’
সাধারণ সম্পাদক পদের প্রার্থী শাহাবুদ্দিন শিবলী বলেন, ‘আমরা সমঝোতার মাধ্যমে একটি ভালো কমিটি চাই।’ একই পদে আরেক প্রার্থী তাহেরুল ইসলাম বলেন, ‘গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হলে তা সংগঠনের জন্য ভালো হবে।’
পৌর যুবলীগের আহ্বায়ক মনোয়ার হোসেন কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তিনি প্রথম আলোকে বলেন, ‘পৌর যুবলীগের প্রথম সম্মেলন সুন্দর ও স্বচ্ছ হবে। আমরা প্রথমে সমঝোতার মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের চেষ্টা করব। না-হলে গোপন ব্যালটে ভোট দেওয়া হবে।’