শিবগঞ্জে আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ–১ আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানীসহ তিন নেতাকে বহিষ্কারের সুপারিশের প্রতিবাদে শিবগঞ্জ মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে মানববন্ধন হয়। ছবিটি গতকাল বেলা পৌনে ১১টার l প্রথম আলো
চাঁপাইনবাবগঞ্জ–১ আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানীসহ তিন নেতাকে বহিষ্কারের সুপারিশের প্রতিবাদে শিবগঞ্জ মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে মানববন্ধন হয়। ছবিটি গতকাল বেলা পৌনে ১১টার l প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থীকে সমর্থনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানীসহ আওয়ামী লীগের স্থানীয় তিন নেতাকে বহিষ্কারের সুপারিশ করায় শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার এসব মানববন্ধন পালিত হয়।
যে তিনজন নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয় তাঁরা হলেন স্থানীয় আসনের সাংসদ উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং বিদ্রোহী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারিবুল হক। বহিষ্কারের জন্য সুপারিশ হওয়া নেতাদের সমর্থনে শিবগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে গতকাল শিবগঞ্জ মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে বেলা পৌনে ১১টা থেকে দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। আর এর বিরুদ্ধে দুপুর সোয়া ১২টার সময় চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে মানববন্ধন করা হয়।
শিবগঞ্জে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক সামশুর রহমান, পৌর মেয়র কারিবুল হক, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জেনারুল ইসলাম ও অন্য স্থানীয় নেতারা। এ মানববন্ধনে বক্তারা বলেন, দলের তৃণমূল নেতা-কর্মীদের মতামতকে উপেক্ষা করে জনগণের সঙ্গে সম্পর্কহীন ব্যক্তি ময়েন খানকে মনোনয়ন দেওয়া হয়। ‘মনোনয়ন বাণিজ্যে’র মাধ্যমে এ মনোনয়ন দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মণ্ডল ও সাধারণ সম্পাদক সদর আসনের সাংসদ আবদুল ওদুদ। তাঁদের মনোনয়ন যে ভুল ছিল, তা ভোটেই প্রমাণিত হয়েছে। সবচেয়ে কম ভোট পেয়ে জামানত হারান ময়েন খান। অন্যদিকে বড় ব্যবধানে জামায়াত-সমর্থিত প্রার্থীকে হারিয়ে মেয়র নির্বাচিত হন কারিবুল হক। এতে ক্ষুব্ধ মঈনুদ্দীন মণ্ডল ও আবদুল ওদুদ ষড়যন্ত্রমূলকভাবে এ বহিষ্কারের নাটক বানিয়েছেন। এ ষড়যন্ত্রে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও জেলা কমিটির সাবেক সভাপতি ব্রিগেডিয়ার (অব.) মোহাম্মদ এনামুল হকও যোগ দিয়েছেন বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।
মানববন্ধনে আরও বলা হয়, কানসাট পল্লী বিদ্যুৎ কেন্দ্র ও সোনামসজিদ পর্যটন মোটেলে অগ্নিসংযোগসহ এলাকায় জামায়াত-বিএনপির সন্ত্রাস চলাকালে এনামুল হক দলের অসহায় কর্মীদের পাশে দাঁড়াননি। তখন আওয়ামী লীগের হাল ধরেন গোলাম রাব্বানী। তিনি এ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনেন। এতে দলে গোলাম রাব্বানীর যে জনপ্রিয়তা তৈরি হয়, তাতে ঈর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছানো হয়। বক্তারা আরও অভিযোগ করেন, সামনে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আবারও মনোনয়ন বাণিজ্যে নেমেছেন মঈনুদ্দীন মণ্ডল ও আবদুল ওদুদ। তাঁদের এ তৎপরতা শিবগঞ্জের তৃণমূলের নেতা-কর্মীরা রুখে দেবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে।
অন্যদিকে শিবগঞ্জ উপজেলা এবং শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সামনে কর্মসূচিতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সামিউল হক, শিবগঞ্জ পৗর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম খান, শিবগঞ্জ কৃষক লীগের সভাপতি আবদুল বারি, শিবগঞ্জ বিনোদপুর কলেজের অধ্যক্ষ রুহুল আমীন প্রমুখ। কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সভাপতি কিছুক্ষণ উপস্থিত থাকলেও বক্তব্য দেননি।