শিবির নেতাদের বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা
নারায়ণগঞ্জে ছাত্রদলের এক নেতার ওপর হামলা চালানোর অভিযোগে ছাত্রশিবিরের ছয় নেতা ও অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার ছাত্রদলের কর্মী শাহেদ আহমেদ বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার ছয় আসামি হলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি খোরশেদ আলম ও শিবিরের নেতা তানভীর, রমজান, মুমিন, শরীফ ও হালিম।
শাহেদ আহমেদ মামলার এজাহারে উল্লেখ করেন, গত শনিবার বিকেলে বঙ্গবন্ধু সড়কে ছাত্রশিবিরের একটি মিছিল থেকে তাঁর ওপর হামলা চালানো হয়। এ সময় লাঠিসোঁটা, পাইপ ও রড নিয়ে তাঁকে আঘাত করা হয়। এতে তাঁর মাথা ফেটে রক্ত বের হয়। তাঁকে বাঁচাতে এলে আশপাশের লোকজনকেও শিবিরের কর্মীরা নির্মমভাবে পেটান। তাঁরা তাঁর পকেট থেকে ৭০ হাজার টাকার মুঠোফোন ছিনিয়ে নিয়ে যান।
গত শনিবার নারায়ণগঞ্জ শহরের গলাচিপা মোড়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় শিবির ও ছাত্রদলের সংঘর্ষ হয়। এতে জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলামসহ ১০ জন আহত হন। এ নিয়ে গত রোববার প্রথম আলোয়‘নারায়ণগঞ্জে শোভাযাত্রায় ছাত্রদল-শিবির সংঘর্ষ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। ঘটনার দুই দিন পর গতকাল ছাত্রদল ছাত্রশিবিরের বিরুদ্ধে মামলা করেছে। এ ব্যাপারে ছাত্রশিবিরের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।