শিবিরের সাথি হলেন যুবলীগের নেতা?
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সদ্য গঠিত আহ্বায়ক কমিটিতে শিবিরের একজন ‘সাথি’কে সদস্যপদ দেওয়ার অভিযোগ উঠেছে। এর জের ধরে কমিটির একজন নেতা পদত্যাগ করেছেন।
গত ১৮ জুলাই যুবলীগের কেন্দ্রীয় কমিটি মো. আলাউদ্দিনকে আহ্বায়ক এবং আবদুর রহমান ও রাসেল আহমদকে যুগ্ম আহ্বায়ক করে কোম্পানীগঞ্জ উপজেলা কমিটির অনুমোদন দেয়। এ কমিটির অনুমোদন-সংক্রান্ত কাগজপত্র ৩১ জুলাই উপজেলায় পৌঁছে।
১৯ সদস্যবিশিষ্ট ওই কমিটির ২ নম্বর সদস্য রিয়াজুল ইসলাম শিবিরের সাথি বলে অভিযোগ করেছেন যুবলীগের কয়েকজন কর্মী। তাঁরা বলছেন, এম সাইফুর রহমান কলেজে ২০১১-১২ সালে অধ্যয়নকালে শিবিরের সাথি হিসেবে দায়িত্ব পালন করেছেন রিয়াজুল।
ঘোষিত কমিটির ৩ নম্বর সদস্য হিসেবে রয়েছেন মো. ইকবাল হোসেন। ১ আগস্ট তিনি পদত্যাগ করেন। তিনি বলেন, ‘বিগত ১৪ বছর আমি যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলাম। অথচ আমাকে অবমূল্যায়ন করে এ কমিটিতে ৩ নম্বর সদস্য রাখা হয়েছে। অন্যদিকে শিবিরের নেতাকে এ কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এর প্রতিবাদে পদত্যাগ করেছি।’
কমিটির ৬ নম্বর সদস্য হিসেবে স্থান পেয়েছেন শাহজাহান চৌধুরী। তিনি বলেন, কমিটিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে তাঁর ওপরে কয়েকজনকে স্থান দেওয়া হয়েছে। এ ধরনের অবমূল্যায়ন হওয়ায় তিনিও পদত্যাগ করেছেন।
কমিটির আহ্বায়ক মো. আলাউদ্দিন বলেন, ‘যাঁরা পদত্যাগ করেছেন, তাঁরা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেছেন। গঠনতান্ত্রিকভাবে তাঁরা কমিটির কাছে পদত্যাগপত্র জমা দেননি। তাই পদত্যাগের বিষয়টি আমার জানা নেই। যাঁকে শিবিরের নেতা বলা হচ্ছে, তিনি জেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর শিবিরের সঙ্গে সম্পৃক্ততার তথ্য ঠিক নয়।’
রিয়াজুল ইসলাম বলেন, তিনি ২০১১-১২ সালে জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। শিবিরের রাজনীতির সঙ্গে তিনি কখনোই সম্পৃক্ত ছিলেন না। এ তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
উপজেলা জামায়াতের আমির আজমান আলী বলেন, রিয়াজুল একসময় শিবিরের সাথি এবং সক্রিয় কর্মী ছিলেন। সংগঠনের মিছিল ও প্রচারণায় তিনি নিয়মিত অংশ নিতেন।