শিলং থেকে নয়াদিল্লি গেলেন সালাহ উদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাহ উদ্দিন আহমদ
সালাহ উদ্দিন আহমদ

ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ উন্নত চিকিৎসার জন্য গতকাল বৃহস্পতিবার শিলং থেকে নয়াদিল্লি গেছেন। চিকিৎসকদের সুপারিশের ভিত্তিতে শিলংয়ের জেলা ও দায়রা জজ আদালত গত বুধবার তাঁকে শর্ত সাপেক্ষে দিল্লি যাওয়ার অনুমতি দেন।
শিলংয়ের আদালতে চলমান অনুপ্রবেশের মামলায় সরকারপক্ষের আইনজীবী আই সি ঝা গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
শিলংয়ে অবস্থানরত সালাহ উদ্দিনের এক আত্মীয় সম্প্রতি প্রথম আলোকে বলেন, তাঁর বাঁ কিডনিতে সমস্যা বেড়েছে। তা ছাড়া, তাঁর হৃদ্রোগ ও চর্মরোগের সমস্যাও বেড়েছে।
আই সি ঝা বলেন, গত ১৮ ফেব্রুয়ারি অনুপ্রবেশের মামলার শুনানির পরদিন সালাহ উদ্দিন আহমদ উন্নত ও যথাযথ চিকিৎসার জন্য অন্য রাজ্যে যেতে আদালতে আবেদন করেন। তাঁর এই আবেদনের পক্ষে শিলংয়ের নেগ্রিমস হাসপাতালের ইউরোলজি বিশেষজ্ঞ স্টিফেন এল সায়লোর নেতৃত্বাধীন এক মেডিকেল বোর্ডের প্রতিবেদন সংযুক্ত করেন। ওই প্রতিবেদনে স্বাস্থ্যগত জটিলতা বেড়ে যাওয়ায় তাঁকে ভেলোর কিংবা দিল্লি পাঠানোর সুপারিশ করা হয়। পরে ২ মার্চ আদালত তাঁকে শর্ত সাপেক্ষে শিলংয়ের বাইরে যাওয়ার অনুমতি দিয়ে বলেন, তিনি কবে ও কোন হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন, তা সুনির্দিষ্ট করে জানাতে হবে। ৬ মার্চ সালাহ উদ্দিন দিল্লি হাসপাতালে যাবেন বলে আদালতকে জানান। এর পরিপ্রেক্ষিতে আদালত বুধবার তাঁকে দিল্লি যাওয়ার অনুমতি দেন।
বিএনপির এই নেতা কত দিন দিল্লিতে থাকবেন, জানতে চাইলে আইনজীবী আই সি ঝা বলেন, সালাহ উদ্দিন আহমদ আজ শুক্রবার প্রথমবারের মতো সেখানকার চিকিৎসকের সঙ্গে দেখা করবেন। এরপর ওই চিকিৎসকই ঠিক করবেন তাঁর সুস্থতার জন্য পরবর্তী কী পদক্ষেপ নিতে হবে এবং কত দিন লাগবে। চিকিৎসার বিষয়গুলো বিশদভাবে আদালতকে সময়ে সময়ে জানাতে হবে।
সালাহ উদ্দিন শিলংয়ের লাবান এলাকায় সানরাইজ গেস্টহাউসে অবস্থান করছিলেন। গত বছরের ১০ মার্চ ঢাকার উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন সালাহ উদ্দিন আহমদ। এর প্রায় দুই মাস পর ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের গলফ লিংক এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার সময় স্থানীয় লোকজনের ফোন পেয়ে টহল পুলিশ তাঁকে পায়। এর প্রায় আড়াই মাস পর গত বছরের ২৩ জুলাই তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করে অনুপ্রবেশের মামলার বিচার শুরু হয়।