বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা শীত-কুয়াশা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গত বুধবার থেকে প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক করে ভোট ও দোয়া চাচ্ছেন।
সান্তাহার পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী রাশেদুল ইসলাম, বিএনপির প্রার্থী তোফাজ্জল হোসেনকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নারী প্রার্থীরাও বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নিচ্ছেন।
রাশেদুল ইসলাম নেতা-কর্মীদের নিয়ে বুধবার শহরের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মালশন, তারাপুর, কাজিপুর এলাকায় প্রচারণা চালান। তিনি বলেন, প্রচারণায় ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন। প্রতীক নিয়ে প্রচারণা করতে পারলে আরও সুবিধা হতো।
তোফাজ্জল হোসেন শহরের ৭ নম্বর ওয়ার্ডের চা-বাগান, হরিজন পল্লিসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। এ সময় তাঁর সঙ্গেও দলীয় নেতা-কর্মীদের দেখা যায়। তিনি বলেন, সবার কাছে ভোটের পাশাপাশি দোয়া চাইছেন তিনি।
কাজিপুর গ্রামের ভোটার নুর ছালাম বলেন, তাঁর নিজের গ্রামসহ পৌর এলাকার সর্বত্র ভোটের আমেজ বিরাজ করছে। একজন প্রার্থী না যেতেই বাড়িতে আরেকজন প্রার্থী এসে হাজির হচ্ছেন।
প্রতীক না পেলেও গতকাল বৃহস্পতিবার সকালে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলামের জন্য ইয়ার্ড কলোনি এলাকায় ভোট চাইছিলেন তাঁর দুই ভাই রাইহানুল ইসলাম ও স্বপন ইসলাম। তাঁরা বলেন, প্রতীক না পেলেও তাঁরা ছোট ভাইয়ের জন্য এলাকার মানুষের কাছে দোয়া চাচ্ছেন।
৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থী কামেলা জোহরা ওরফে ফুল হাটখোলা এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। তিনি এবারে ফুল প্রতীক না থাকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এর আগের নির্বাচনে তিনি ফুল প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন। এবারও ফুল প্রতীক থাকবে বলে আশা করেছিলেন। কিন্তু নির্বাচন কমিশন সেই প্রতীকই রাখেনি।