শীত ক্রমেই জেঁকে বসলেও কুড়িগ্রামে জেলা পরিষদ নির্বাচনের হাওয়া গরম হয়ে উঠেছে। ভোটের জন্য প্রার্থী ও তাঁদের সমর্থকেরা রাতদিন ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। দুই চেয়ারম্যান প্রার্থী একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন।
এই জেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাফর আলী (আনারস)। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সাবেক সাংসদ। তাঁর প্রতিদ্বন্দ্বী দলের ‘বিদ্রোহী’ প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ (কাপ-পিরিচ)। তাঁরা দুজনই আওয়ামী লীগের সমর্থক ভোটারের সমর্থন আশা করছেন। এ ক্ষেত্রে বিএনপি ও জাতীয় পার্টির সমর্থক ভোটাররা নির্বাচনে ‘ফ্যাক্টর’ হয়ে দাঁড়াবেন বলে মনে করছেন স্থানীয় লোকজন।
এদিকে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় সদস্য পদের প্রার্থীদের দৌড়ঝাঁপ বাড়ছে।
কুড়িগ্রাম জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এ জেলায় ৯টি উপজেলা, ৭৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা। জেলা পরিষদে মোট ভোটারসংখ্যা ১ হাজার ১২ জন। এর মধ্যে নারী ভোটার ২৩৬ ও পুরুষ ভোটার ৭৭৬ জন। সাধারণ সদস্য পদে ৬৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। মো. জাফর আলী আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেও দলে পনির উদ্দিন আহমেদের যথেষ্ট প্রভাব রয়েছে। দুজনই আওয়ামী লীগের সমর্থক ভোটারের সমর্থন পাবেন। জেলায় বিএনপি ও জাতীয় পার্টির সমর্থক প্রায় ৪ শতাধিক ভোটারের সমর্থন যিনি পাবেন, তাঁরই নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি।
চেয়ারম্যান পদের দুই প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদী। পনির উদ্দিন আহমেদ অভিযোগ করেন, জেলা পরিষদ নির্বাচন দলীয় নির্বাচন না হলেও দলের প্রভাব খাটাচ্ছেন জাফর আলী ও তাঁর সমর্থকেরা। নির্বাচনের শুরু থেকেই গাড়ি ভাঙচুর, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, সমর্থকদের মারধর, পোস্টার ছেঁড়াসহ নানা রকম অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে তাঁরা জড়িত। পরাজয় নিশ্চিত জেনে জাফর আলী সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি-ধমকি ও হামলার ঘটনা ঘটাচ্ছেন। তবে নির্বাচন সুষ্ঠু হলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।
এসব অভিযোগ অস্বীকার করে জাফর আলী বলেন, ‘পনির উদ্দিন নিজের পরাজয় নিশ্চিত জেনে আমার বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। বরং তিনি জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্যদের দিয়ে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছেন।’
জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এই দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পার্বতীপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত হয়েছে জেলা পরিষদের ১০ নম্বর ওয়ার্ড। ইউনিয়নগুলো হচ্ছে বেলাইচণ্ডী, মন্মথপুর, রামপুর, পলাশবাড়ী, চণ্ডীপুর ও মোমিনপুর এবং পার্বতীপুর পৌরসভা।
এ ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী ছয়জন। তাঁরা হলেন পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আকতার হোসেন (অটোরিকশা), উপজেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক শফিকুর রায়হান নেতা (ফ্যান), জেলা যুবলীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রুহুল আমিন (হাতি), পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন (তালা), ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সাইফুল ইসলাম (ঘুড়ি) ও পৌর ছাত্রদলের সভাপতি আরশাদ আলী (টিউবওয়েল)। সমর্থন পেতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তাঁরা। নির্বাচন দলীয়ভাবে না হলেও প্রার্থীরা দলীয় পরিচয় তুলে ধরে ভোটারের কাছে সমর্থন চাইছেন। অন্য দলের সমর্থক ভোটারদের কাছে গিয়ে মন জয় করার চেষ্টা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হক বলেন, ১০ নম্বর ওয়ার্ডে ভোটার ৯৩ জন। পার্বতীপুরে জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চবিদ্যালয়ে ভোট গ্রহণ হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।