শীর্ষ সন্ত্রাসী শাহাদতসহ সাতজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের স্বেচ্ছাসেবক লীগের নেতা মনির উদ্দিন মনুকে হত্যার দায়ে শীর্ষ সন্ত্রাসী শাহাদতসহ সাতজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক গতকাল সোমবার এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সাত আসামি হলেন শীর্ষ সন্ত্রাসী শাহাদত, তাঁর সহযোগী মিন্টু, মাসুদুর রহমান ওরফে তোতলা মাসুদ, লিটন হোসেন ওরফে লোটাস, নোবান ইবনে বাশার ওরফে বাবু, মাসুদুর রহমান ওরফে সোহেল ও হাসান সারওয়ার ওরফে জিকু।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সোহেল ও জিকু রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। বাকি আসামিরা জামিন নিয়ে পলাতক রয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি জাহানারাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। জাহানারাও পলাতক আছেন।
রায়ে বলা হয়, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণে ২৭ জন সাক্ষীকে উপস্থাপন করে। আদালতে সাক্ষীরা আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে সক্ষম হওয়ায় সাতজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। আদালতে উপস্থিত দণ্ডপ্রাপ্ত দুই আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। রায়ে উল্লেখ করা হয়, দণ্ডপ্রাপ্ত আসামিরা যেদিন আত্মসমর্পণ করবেন অথবা গ্রেপ্তার হবেন, সেই দিন থেকে তাঁদের বিরুদ্ধে সাজা কার্যকর হবে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিরপুরের ৪৯/৩ শাহ আলীবাগের বাসার সামনে মিলাদ মাহফিলের তবারক বিতরণ শেষে খুন হন স্বেচ্ছাসেবক লীগের নেতা মনির উদ্দিন মনু। আসামিরা মনুকে পর পর আটটি গুলি করে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহত মনুর ভাই আকবর আলী এ ঘটনায় সন্ত্রাসী শাহাদত ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে থানায় এই হত্যা মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, সন্ত্রাসী শাহাদত ও মিন্টু মিরপুর এলাকার ব্যবসায়ী মনুর কাছে এক কোটি টাকা চাঁদা চেয়ে না পেয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। তদন্ত শেষে ২০০৭ সালের ৩০ অক্টোবর মিরপুর থানার পুলিশ শাহাদতসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরের বছরের ২৭ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।