শুধু এক দেশ নিয়ে থাকলে হবে না: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দাবি করেছেন, ‘অবৈধ’ সরকারের কারণে বাংলাদেশ বিশ্বে বন্ধুহীন হয়ে পড়ছে। মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের বর্তমান সম্পর্কের বিষয়ে তিনি বলেছেন, শুধু এক দেশ নিয়ে থাকলে হবে না। সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে।
গতকাল রোববার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনলাইন অ্যাকটিভিস্টদের একটি সংগঠন ব্লুব্যান্ড কলের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এ সময় তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, সরকার–বিরোধী আন্দোলনের সামনে থাকবেন তিনি। নিজেকে তিনি দুর্বল মনে করেন না। জালেম, অত্যাচারের হাত থেকে দেশ বাঁচাতে সবাইকে এখন ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের লুটপাটের কারণে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসবে, তাদের জন্য দেশ পরিচালনা কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেন খালেদা জিয়া।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, ব্লু ব্যান্ডের সভাপতি ফয়েজ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।