বিএনপি বলেছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির দায় এড়ানোর জন্য শুধু গভর্নরের পদত্যাগই যথেষ্ট নয়। তাদের দাবি, টাকা চুরির দায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ গোটা সরকারের।
গতকাল মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির নেতা আ স ম হান্নান শাহ ও বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি করেন।
রিজভী বলেন, গভর্নরের পদত্যাগের পর প্রধানমন্ত্রী বলছেন, আতিউর রহমান সততার বিরল দৃষ্টান্ত দেখিয়েছেন। অর্থমন্ত্রী বলেছেন, সব ঠিক হয়ে গেছে। এর মধ্য দিয়ে মূলত সরকার ইতিহাসের জঘন্যতম এই ঘটনা নিয়ে জনগণের সঙ্গে নাটক ও তামাশা করছে।
বিচার বিভাগীয় তদন্ত দাবি: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের সম্মেলনের শৃঙ্খলা ও সেবা উপকমিটির সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পদত্যাগ এবং এর বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন।