শুধু সনদ বাতিল নয়, আইনি ব্যবস্থা নিতে হবে: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সনদ বাতিল হওয়া চার সচিবের বিরুদ্ধে উচ্চতর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমাদের গর্ব করার মতো দুটি জিনিস—মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা। চারজন আমলা রাষ্ট্রের উচ্চপর্যায় থেকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছেন, তামাশা করেছেন। তাঁদের শুধু সনদই বাতিল নয়, উচ্চতর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সনদ বাতিল হওয়া একজন সচিব নাকি নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী দেশের জন্য দিনরাত কাজ করছেন। আর আপনারা (আমলারা) মজা নেবেন, তা হয় না। এঁদের শক্ত হাতে দেখা দরকার।’
‘ব্যাংকের পরিচালনা পর্ষদে অযোগ্য, সুবিধাবাদী ও অপদার্থ লোকজন রয়েছে, এদের বের করে দিতে হবে’—বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেন সুরঞ্জিত বলেন, ‘এই সব পদার্থ, অপদার্থরা যখন ব্যাংকের পর্ষদে ঢুকল, তখন কী আপনার অনুমোদন প্রয়োজন হয়নি? আপনি দেখেননি?’ ব্যাংকের পর্ষদের পরিচালক কারা হবেন, মন্ত্রীর মামা-ভাগনে না যোগ্যরা হবেন, সে ব্যাপারে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
সংবিধানের ষোড়শ সংশোধনী প্রসঙ্গে সংসদের আইন, বিচার ও সংসদীয় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত বলেন, ‘সংসদ আইন পাস করতে পারে। কিন্তু সেটা যদি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে সুপ্রিম কোর্ট বাতিল করতে পারেন। যাঁরা এ সংশোধনী নিয়ে আপত্তি করছেন, তাঁরা হরতাল না দিয়ে আইনের আশ্রয় নিতে পারেন।’ তিনি দাবি করেন, ‘বাহাত্তরের সংবিধানে যা ছিল, ষোড়শ সংশোধনীতে তা-ই আনা হয়েছে। একটি দাঁড়ি কিংবা কমা বেশি সংযোজন করা হয়নি।’
বিএনপির হরতাল প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত বলেন, ‘হরতাল দিয়েছে বিএনপি, মাঠে আওয়ামী লীগ। বিএনপির নেত্রী ঢাকা মহানগরে খোকাকে বাদ দিয়ে কিশোরকে এনেছেন। কিন্তু তাঁকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।’
সংগঠনের উপদেষ্টা হাজি মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।