শুধু স্লোগান দিলে হবে না: নাছির
চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, শুধু মিছিলে স্লোগান দিলে হবে না, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা মানুষকে জানাতে হবে, বোঝাতে হবে। তিনি বলেন, রাজনীতি করতে গেলে ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য হতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ সবাইকে মেনে চলতে হবে। তিনি যাঁকে নির্বাচনে মনোনয়ন দেবেন, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন চট্টগ্রামের নতুন এই মেয়র। উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় বক্তব্য দেন সাংসদ সামশুল হক চৌধুরী, এম এ লতিফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাশেদ মনোয়ার।