জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অশুভ শক্তির সঙ্গে আঁতাত করে শুভ শক্তির বিরুদ্ধে লড়াই সফল হয় না। শুভ শক্তির কাছে অশুভ শক্তি পরাজিত হবেই। গতকাল বুধবার বেলা ১১টায় নোয়াখালীর কবিরহাট উপজেলা সদরের জিরো পয়েন্টে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন। বক্তব্য দেন নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম চৌধুরী, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি ফখরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
বন্যার্ত মানুষের পাশে না দাঁড়ানোর অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমি তো দেখছি বিএনপিই নির্বিকার। তাদের কোন কাজ নেই। তারা বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে বসে বক্তৃতা-বিবৃতি দেন, প্রেস ব্রিফিং করেন।’
উন্নয়ন প্রকল্পের উদ্বোধন: মানববন্ধন শেষে ওবায়দুল কাদের কবিরহাট পৌরসভা চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পল্লী বিদ্যুতের কবিরহাট সাব-স্টেশন, ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ ভবনসহ নয়টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম শংকর লাল দত্ত, সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।