শুভাকাঙ্ক্ষী দল যাবে নির্বাচন কমিশনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে বিএনপির চিন্তা এখনো ইতিবাচক। দলটির শুভাকাঙ্ক্ষী ও বিশিষ্ট নাগরিকেরা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ‘শত নাগরিক কমিটির’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদের বাসায় বৈঠক করেছেন। সেখানে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন সিটি নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠক সূত্র জানায়, এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে জ্যেষ্ঠ নাগরিকদের একটি প্রতিনিধিদল শিগগিরই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবে বলে সিদ্ধান্ত হয়েছে। তাঁরা নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য তফসিল পেছানোর অনুরোধ জানাতে পারেন। তবে এ প্রতিনিধিদলে কারা থাকছেন, কবে নাগাদ তাঁরা কমিশনে যাবেন, তা নিশ্চিত করে জানা যায়নি। বৈঠকে বিএনপি ও জামায়াত-সমর্থক ২০ জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
এ বৈঠকের বিষয়ে জানতে চাইলে ‘শত নাগরিক কমিটির’ সদস্যসচিব আবদুল হাই শিকদার প্রথম আলোকে বলেন, ‘দেশের বিশিষ্ট নাগরিকেরা চলমান অস্বাভাবিক পরিস্থিতিতে উদ্বিগ্ন। এ অবস্থায় সিটি করপোরেশন নির্বাচন কেন? নির্বাচন হলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার নিয়ন্ত্রণে থাকবে? তখন নির্বাচন কমিশনের ভূমিকা কী হবে?
বিরোধী মতের লোকজন প্রার্থী হতে পারবেন কি না? হলে গণসংযোগ করতে পারবেন কি না—এসব বিষয় নিয়ে তাঁরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারেন।’
বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানায়, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার সুযোগ না থাকায় বিএনপি এবার নাগরিক সমাজের ব্যানারে নির্বাচন করতে চাইছে। এ জন্য একটি নাম ঠিক করে সমমনা বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে কমিটি করতে এমাজউদ্দীন আহমদসহ কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল এ বিষয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে এ কমিটিকে ‘মঞ্চ’ বলায় বিভিন্ন মহলের দৃষ্টিগোচর হয়। এ কারণে গতকাল এমাজউদ্দীন আহমদের বাসার আশপাশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত হন। এ অবস্থায় বিশিষ্ট নাগরিকেরা এ বৈঠককে শত নাগরিক কমিটির নিয়মিত বৈঠক বলে অভিহিত করেন।
এদিকে গতকাল বিকেলে ঢাকায় স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বিএনপির নেতারা নির্বাচন-প্রক্রিয়া শুরুর আগেই দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন। অনেকে সিটি নির্বাচনকে সরকারের একটি ‘মহা ষড়যন্ত্র’ বলেও মন্তব্য করেন।
দীর্ঘদিন পর জাতীয় প্রেসক্লাবে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করল। এতে স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের একাধিক উপদেষ্টাসহ দলের বিভিন্ন পর্যায়ের কয়েক শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পুলিশ এতে বাধা দেয়নি।
এদিকে ৭২ ঘণ্টার হরতাল শেষে নতুন করে আর হরতাল দেয়নি বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। গতকাল জোটের পক্ষে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা অবরোধের পাশাপাশি আজ বুধবার সারা দেশে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপির নেতারা জানান, ২৫ মার্চ কালরাত ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হরতাল দেওয়া হয়নি। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। রোববার ২৯ মার্চ হচ্ছে চট্টগ্রাম ও ঢাকার তিন সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
জানা গেছে, নতুন করে হরতাল কর্মসূচি না দেওয়ার মূল কারণ স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি। তবে এ সময়টায় বিএনপি সরকারের আচরণ পর্যবেক্ষণ করবে। অনুকূল কিংবা সহনশীল মনে হলে বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিও চূড়ান্ত করে ফেলবে। তখন হরতালের মতো কর্মসূচিতে সাময়িক বিরতি দেওয়ার চিন্তা আছে। সে ক্ষেত্রে নিয়ম করে রোববার থেকে টানা তিন দিনের হরতাল দেওয়ার যে ধারা চালু রেখেছিল বিএনপি, সেটি হয়তো আর থাকবে না।
জোটের গতকালের বিবৃতিতে বলা হয়, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদসহ সারা দেশে ২০-দলীয় জোটের সকল ‘গুমকৃত’ নেতা-কর্মীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া এবং সারা দেশে গুম, খুন, বন্দুকযুদ্ধের নামে ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যা, গণগ্রেপ্তার ও বিশেষ বাহিনীর নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবিতে আজ বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে। অবরোধের পাশাপাশি সারা দেশে জেলা, থানা, পৌরসভা ও সব মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিল হবে। এ ছাড়া পরদিন বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস স্বতঃস্ফূর্তভাবে পালন করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গত ৬ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ এবং থেমে থেমে হরতাল পালন করে আসছে বিএনপি জোট।
নির্বাচনের আগে নেতা-কর্মীদের মুক্তি দাবি: বিকেলে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন সিটি নির্বাচনের আগে দলের নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান। তিনি বলেন, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারা দেশে ২০ দলের ৫০ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, স্বাধীনতা অর্জনের জন্য যত বিসর্জন দিতে হয়, অনেক সময় রক্ষার জন্য এর চেয়েও বড় বিসর্জন দিতে হয়। বাংলাদেশের মানুষ স্বাধীনতাহীনতায় বাঁচতে চায় না। আজ দেশে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে। গণতন্ত্র উদ্ধারের জন্য দীর্ঘস্থায়ী আন্দোলন চলছে। এ আন্দোলনে নিশ্চয়ই অর্জন আছে।
২০ দলের শরিক কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম সিটি নির্বাচনকে একটি ‘মহা ষড়যন্ত্র’ বলে অভিহিত করেন। তিনি বলেন, সাড়ে তিন বছর আগে ঢাকা সিটিকে ভাগ করা হয়। অবস্থা বেগতিক দেখে এত দিন নির্বাচন দেয়নি। এখন আন্দোলনকে বিপথে নেওয়ার জন্য নির্বাচন দেওয়া হয়েছে।
আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ ও হায়দার আলী, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী প্রমুখ।