শুরু আন্দোলনে, শেষ নির্বাচনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শুরুতে সংসদ নির্বাচনের দাবিতে রাজপথের আন্দোলন শুরু করেছিল জাতীয় সংসদের বাইরে থাকা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। টানা তিন মাসের সেই আন্দোলন ছিল কার্যত নিষ্ফল। মামলার বোঝা কাঁধে নিয়ে দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে বছর শেষ করছে দলটি।
দলটির নেতা-কর্মীরা মনে করেন, তিন মাসের ‘ব্যর্থ’ আন্দোলনের মাশুল এখনো গুনতে হচ্ছে তাঁদের। বিপুলসংখ্যক নেতা-কর্মী মামলার আসামি, অনেকে এখনো কারাগারে, অনেকে আত্মগোপনে, জ্যেষ্ঠ নেতাদের অনেকে এখনো নিষ্ক্রিয়। আন্দোলন চলাকালে নাশকতার ঘটনা বিএনপির ভাবমূর্তি সংকটে ফেলেছে। আন্তর্জাতিক পর্যায়েও বিএনপিকে এখনো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এ অবস্থায় নতুন বছরের শুরুতে আবার রাজপথের আন্দোলনে যেতে চায় না বিএনপি। পৌর নির্বাচনের পর দলটি সংগঠন পুনর্গঠনের দিকে মনোযোগ দিতে চায়।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ২০১৫ সাল সার্বিকভাবে দেশের জন্য ভালো যায়নি। আর বিএনপির জন্য বছরটি ছিল খুব কঠিন সময়। সাংগঠনিকভাবে বিএনপির ওপর নানা ঘাত-প্রতিঘাত এসেছে। বিএনপি লম্বা সময় আন্দোলনে ছিল, ইপ্সিত লক্ষ্যে পৌঁছাতে না পারলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে জানান দিতে পেরেছে যে, বাংলাদেশে গণতন্ত্র নেই। এটি বিএনপির একটি অর্জন। আর দল ভাঙার নানা ষড়যন্ত্র থাকলেও বিএনপি ভাঙেনি।
২০১৫ সালে বিএনপির উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে ছিল-টানা তিন মাসের অবরোধ, গুলশান কার্যালয়ে খালেদা জিয়াকে তিন মাস অবরুদ্ধ করে রাখা, গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে খালেদা জিয়ার আদালতে আত্মসমর্পণ ও জামিন নিয়ে বাসায় ফেরা, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন নির্বাচন বর্জন, ঢাকায় নির্বাচনী প্রচারে খালেদা জিয়ার গাড়িবহরে একাধিকবার হামলা, দল পুনর্গঠনের উদ্যোগ, খালেদা জিয়ার সৌদি আরব সফর বাতিল, দুই মাসের লন্ডন সফর এবং পৌর নির্বাচনে অংশ নেওয়া। আর বছরের নানা সময়ে ছিল বিএনপিকে ভাঙার তৎপরতা।
টানা আন্দোলন, কার্যালয়ে অবস্থান:
একতরফা নির্বাচনের বছরপূর্তিতে ২০১৫-এর ৫ জানুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। কিন্তু তার আগে ৩ জানুয়ারি রাত থেকে খালেদা জিয়াকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে পুলিশ। ১০ থেকে ১২টি বালুভর্তি ট্রাক দিয়ে আটকে দেওয়া হয় তাঁর কার্যালয়ের সামনের রাস্তা। ৫ জানুয়ারি পুলিশের বাধার মুখে কার্যালয় থেকে বের হতে না পেরে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন খালেদা জিয়া। এর সঙ্গে বিভিন্ন মেয়াদে হরতালও দেওয়া হয়। ১৯ জানুয়ারি খালেদা জিয়া অবরোধ মুক্ত হলেও কার্যালয় থেকে বের হননি। এমনকি একুশে ফেব্রুয়ারি ও ২৬ মার্চ শ্রদ্ধা জানাতেও যাননি তিনি। ১৩ মার্চ কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেছিলেন, ‘যৌক্তিক পরিণতি’ পর্যন্ত আন্দোলন চলবে। এর মধ্যে খালেদা জিয়া কার্যালয়ে অবস্থানকালে ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকো। ওই দিন খালেদা জিয়াকে সমবেদনা জানাতে তাঁর কার্যালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তাঁকে কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি।
২৪ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।তাঁর কার্যালয়ে তল্লাশি চালানোর পরোয়ানাও জারি হয়। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়নি, তাঁর কার্যালয়েও কোনো অভিযান হয়নি। টানা তিন মাস কার্যালয়ে অবস্থানের পর ৫ এপ্রিল তিনি আদালতে আত্মসমর্পণ করেন। জামিন নিয়ে সেদিন বিকেলে তিনি বাসায় ফেরেন।
অবরোধ প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও খালেদা জিয়ার বাসায় ফেরার পর থেকে কার্যত আন্দোলন থেকে সরে আসে বিএনপি। এর আগে অবশ্য ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে অবরোধ অকার্যকর হয়ে পড়ে। অবরোধ চলাকালে সারা দেশে ব্যাপক নাশকতার ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে গাড়িতে পেট্রলবোমা হামলা ও নানা ধরনের নাশকতায় সারা দেশে শতাধিক মানুষ নিহত হয়। বিএনপি দাবি করেছে, বিএনপি নয়, সরকারের এজেন্টরা নাশকতার সঙ্গে জড়িত। এসব নাশকতার ঘটনায় খালেদা জিয়া থেকে শুরু করে দলের হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়।
সিটি করপোরেশন নির্বাচন, খালেদার গাড়িতে হামলা:
বিএনপি আন্দোলন থেকে সরে এসেছিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে। তিন সিটিতেই বিএনপি-সমর্থিত প্রার্থী ছিল। এপ্রিলে খালেদা জিয়া ঢাকায় দুই মেয়র প্রার্থীর পক্ষে প্রচারে নেমে পরপর দুই দিন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার মুখে পড়েছিলেন। ২২ এপ্রিল বাংলামোটর এলাকায় সরাসরি খালেদাকে বহনকারী গাড়িতে হামলা হয়। তবে তিনি অক্ষত ছিলেন। ২৮ এপ্রিল নির্বাচনের দিন বেলা ১১টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দেয় স্থানীয় বিএনপির নেতারা। বিএনপি-সমর্থিত প্রার্থী মনজুরুল আলম রাজনীতি থেকেও অবসরের ঘোষণা দেন। বেলা ১২টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি।
দল পুনর্গঠনের উদ্যোগ:
আন্দোলন ও সিটি নির্বাচন শেষে আবার দল পুনর্গঠনের দিকে মনোযোগ দেয় বিএনপি। গত ৯ আগস্ট জেলা নেতাদের চিঠি দিয়ে ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাউন্সিল করে নতুন কমিটি করার নির্দেশ দেন খালেদা জিয়া। কিন্তু এখন পর্যন্ত সে উদ্যোগ পুরোপুরি কার্যকর হয়নি। পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন সে উদ্যোগ থমকে আছে।
পুনর্গঠন প্রক্রিয়ায় যুক্ত একজন নেতা প্রথম আলোকে জানান, বিএনপি তাদের ৭৪টি সাংগঠনিক জেলা কমিটি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। এখন পর্যন্ত রাঙামাটি, কুড়িগ্রাম, নীলফামারী, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও সৈয়দপুরে সম্মেলন হয়েছে। মেহেরপুর জেলার নেতারা কেন্দ্রকে না জানিয়ে নিজেরা সম্মেলন করেছেন। সম্মেলন করার পর্যায়ে আছে বান্দরবান, খাগড়াছড়ি, সিলেট জেলা ও মহানগর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, নাটোর, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাইবান্ধা, লালমনিরহাট ও লক্ষ্মীপুর জেলা। ১০ শতাংশ জেলায় এখন পর্যন্ত পুনর্গঠনের তেমন কোনো কাজ হয়নি।
সৌদি সফর বাতিল, দুই মাসের লন্ডন সফর:
এ বছরের আগস্টে পবিত্র ওমরাহ পালনের জন্য খালেদা জিয়ার সৌদি আরবে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা বাতিল করা হয়। পরে চোখ ও হাঁটুর চিকিৎসার জন্য ১৫ সেপ্টেম্বর লন্ডন যান খালেদা জিয়া। সেখানে তিনি দীর্ঘ দুই মাস ছয় দিন অবস্থান করেন। দীর্ঘ সময় তাঁর বাইরে থাকার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের পক্ষ থেকে নানা ধরনের বক্তব্য দেওয়া হচ্ছিল। ২১ নভেম্বর তিনি দেশে ফিরেন। দেশে ফিরে তিনি দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেন।
দল ভাঙার তৎপরতা
বছরের শুরু থেকেই বিএনপি ভাঙার নানা তৎপরতা দেখা গেছে। ১৬ ফেব্রুয়ারি নিজেকে আসল বিএনপির মুখপাত্র দাবি করে কামরুল হাসান নাসিম খালেদা জিয়াকে পদত্যাগের আলটিমেটাম দেন। তাঁর নানা তৎপরতা এখনো অব্যাহত আছে।
মার্চে বিএনপির সাবেক দুই সাংসদ আবু হেনা ও শহীদুল হক জামালকে সামনে রেখে বিএনপি ভাঙার আরেকটি তৎপরতা ছিল।নভেম্বরে প্রথমবারের মতো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আয়োজন করেছিলেন তাঁর ভাই আহমেদ কামাল। এই আয়োজনকে বিএনপি ভাঙার প্রাথমিক চেষ্টা হিসেবে দেখছিলেন অনেকে।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আবদুল মঈন খান, মাহবুবুর রহমান ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ফোনালাপ ফাঁস ছিল এ বছরের অন্যতম আলোচিত ঘটনা। দলের নীতি, আদর্শ ও আন্দোলন নিয়ে তাঁদের বক্তব্য দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিল।
খালেদা জিয়া বিদেশে থাকাকালীন ২৯ অক্টোবর রাজনীতি থেকে অবসরের পাশাপাশি দল থেকে পদত্যাগ করেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। এ ঘটনায় বিএনপি বেশ অস্বস্তিতে পড়ে।