শুরুতেই নৌকার চেয়ে লাঙল এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনের ভোট দিচ্ছেন এক ভোটার। সুন্দরগঞ্জ, ১৩ মার্চ, ২০১৮। ছবি: মঈনুল ইসলাম
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনের ভোট দিচ্ছেন এক ভোটার। সুন্দরগঞ্জ, ১৩ মার্চ, ২০১৮। ছবি: মঈনুল ইসলাম

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের দ্বিতীয় দফায় অনুষ্ঠিত উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ১০৯ কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে লাঙল প্রতীকের জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী ৭ হাজার ৭৬৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আওয়ামী লীগ-সমর্থিত আফরুজা বারী পেয়েছেন ৬ হাজার ৭৫ ভোট।

সন্ধ্যায় সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকাল আটটা থেকে ভোট শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বেলা চারটা পর্যন্ত। এরপর শুরু হয় গণনা।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এক আসনের মোট ১০৯টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ৯৪৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬২ হাজার ৪৫৭ জন এবং নারী ১ লাখ ৭০ হাজার ৪৯২ জন। এর মধ্যে ৮৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। তাঁর মৃত্যুর পর গত বছরের ২২ মার্চ সুন্দরগঞ্জ আসনে উপনির্বাচন হয়। এতে আওয়ামী লীগের টিকিটে সাংসদ নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ। তিনিও গত বছরের ১৯ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর চলতি বছরের ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সুন্দরগঞ্জ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত আফরুজা বারী, জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী, ন্যাশনাল পিপলস পার্টির জিয়া জামান খান ও গণফ্রন্টের শরিফুল ইসলাম।