প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার প্রত্যাশা, আপনারা দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সকালে “বিজিবি দিবস-২০২১” উদ্যাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজধানীর পিলখানার বিডিআর সদর দপ্তরে ভার্চ্যুয়ালি যোগ দেন।’
বিজিবি সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘মনে রাখবেন, শৃঙ্খলা ও চেইন অব কমান্ড শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। কখনো শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না। তাতে নিজেদেরই ক্ষতি। চেইন অব কমান্ড মেনে চলবেন। কর্তৃপক্ষের আদেশ মেনে চলা শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমার বিশ্বাস, জাতির পিতার প্রত্যাশিত আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ এগিয়ে যাবে তার অভীষ্ট লক্ষ্যে এবং বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে অগ্রযাত্রা অব্যাহত রাখবে।’
প্রধানমন্ত্রী বিজিবির সদস্যদের মনোজ্ঞ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। এ সময় একটি সুসজ্জিত দল তাঁকে অভিবাদন জানায়।
প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিজিবি সদস্যদের বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি পদক বিতরণ করেন। অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবি সদর দপ্তরে বিজিবি সম্মেলন কেন্দ্রের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ইপিআরের প্রায় সাড়ে ১২ হাজার বাঙালি সৈনিক সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন এবং ৮১৭ জন শাহাদতবরণ করেন। ইপিআরের দুজন বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক নুর মোহাম্মদ শেখ এবং শহীদ ল্যান্সনায়েক মুন্সী আব্দুর রউফ আমাদের গর্বের প্রতীক।’ ইপিআরের ৮ জন বীর উত্তম, ৩২ জন বীর বিক্রম ও ৭৭ জন বীর প্রতীক মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শন করে বিজিবির ইতিহাস সমৃদ্ধ করেছেন উল্লেখ করে তিনি শাহাদাতবরণকারী সদস্যদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পরপরই বিডিআরে এ সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে সরকারপ্রধান বলেন, ‘২০০৯ সালের ৬ জানুয়ারি আমরা সরকার গঠন করি। সরকার গঠনের ১ মাস ১৯ দিনের মাথায় ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যা দ্রুত সমাধান করি।’ তৎকালীন বিডিআরের ট্রাজিক ঘটনায় শহীদ ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের মৃত্যু হয়। সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।