শৃঙ্খলায় গর্ববোধ করি: উপদেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের নেতা-কর্মীদের ‘শৃঙ্খলার’ প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি তাঁদের প্রতিষ্ঠা পাওয়ার বিষয়ে দিকনির্দেশনা দিতে গিয়ে বলেছেন, ‘তোমাদের লিখিত পরীক্ষায় ভালো করতে হবে। তারপরে আমরা দেখব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে গতকাল বুধবার দুপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এইচ টি ইমাম বলেন, ‘তোমরা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে চাও, জাতীয় চার নেতা সম্পর্কে জানতে চাও, জননেত্রী সম্পর্কে জানতে চাও, মুক্তিযুদ্ধের চেতনা কী, তা জানতে চাও—তোমাদের মধ্যে এই আগ্রহ দেখে, শৃঙ্খলা দেখে... তোমাদের জন্য আমি গর্ববোধ করছি।’ জেলহত্যা দিবস উপলক্ষে ছাত্রলীগ এ সভার আয়োজন করে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘যখনই কারও বায়োডাটা নিয়ে যাই, বলি যে এরা সুযোগ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই জিজ্ঞেস করেন, তারা কি ছাত্রলীগ করেছে? কোথায় ছিল? পদধারী ছিল?’ এইচ টি ইমাম বলেন, ‘তোমরা অনেকেই বলো ছাত্রলীগের চাকরির কথা। দেখো, আমার চেয়ে, নেত্রীর চেয়ে অন্য কারও দরদ বেশি আছে? আমরা তো জান-প্রাণ দিয়ে চেষ্টা করি। নেত্রী বলেন, “যেভাবেই হোক, আমাদের ছেলেদের একটা ব্যবস্থা করে দাও”।’
এইচ টি ইমাম আরও বলেন, ‘ছাত্রলীগ থেকে যারা উঠে এসেছে, তোমাদের সিনিয়র যারা, তাদের আগে প্রতিষ্ঠা করা দরকার। তোমাদের মধ্য থেকে যারা প্রতিষ্ঠিত হতে চাও, আমি প্রয়োজনে কোচিং ক্লাস নিতে রাজি আছি, তোমাদের লিখিত পরীক্ষায় ভালো করতে হবে। তারপরে আমরা দেখব।’ তিনি আরও বলেন, ‘তোমরা অত্যন্ত মেধাবী, মেধাবীরাই রাজনীতি করে, রাজনীতিতে আসে। তার পরেও লিখিত পরীক্ষায় কিছুটা ভালো করতেই হবে। তোমরা পড়াশোনা করো। ভালোভাবে পরীক্ষা দাও।’
গত ৫ জানুয়ারির নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের সময়, বাংলাদেশ পুলিশে, প্রশাসনে যে ভূমিকা; নির্বাচনের সময় আমি তো প্রত্যেকটি উপজেলায় কথা বলেছি। সব জায়গায় আমাদের যারা রিক্রুটেড, তাদের সঙ্গে কথা বলে, তাদেরকে দিয়ে মোবাইল কোর্ট করিয়ে আমরা নির্বাচন করেছি। তারা আমাদের পাশে দাঁড়িয়েছে, তারা বুক পেতে দিয়েছে। আমাদের যে ১৯ জন পুলিশ ভাই প্রাণ দিয়েছে, এই জামায়াত-শিবিরের আক্রমণে, কী নির্মমভাবে হত্যা করা হয়েছে, তোমাদের মনে আছে? এরা কারা? সব আমাদের মানুষ।’
বিডিআরে হত্যার প্রসঙ্গ তুলে এইচ টি ইমাম বলেন, ‘সেখানে যারা মারা গেছে, তাদের ৩৩ জন হয় আওয়ামী লীগের সমর্থক, না হয় আওয়ামী পরিবারের লোক।... কিন্তু নিজেদের সব অপরাধ ঢাকার জন্য এটা নিয়ে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে। প্রচারে মিডিয়াকে ব্যবহার করছে তারা।’
এইচ টি ইমাম আরও বলেন, ‘বিএনপি যে শুধু আলোচনায় আসেনি বা নির্বাচন বয়কট করেছে, তা নয়; তারা নির্বাচন প্রতিরোধ করার নামে যে ধ্বংসযজ্ঞ, যে নিষ্ঠুরতা ২০১৩ সালে পুরো বছর করেছে, তার কোনো নজির হয় না। তারা রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি জামায়াতকে নিয়ে যুদ্ধ ঘোষণা করেছিল; সেই ক্ষতি সারিয়ে নিয়েও আমরা নির্বাচন করেছি, সরকার গঠন করেছি। ওরা ভেবেছিল, তারা যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সরকার বোধ হয় দুর্বল হয়ে গেছে। কিন্তু তখন ভাবেনি, নির্বাচনের আগে যেটা সহ্য করেছি, এর পরে সেটা সহ্য করব না।’ তিনি বলেন, ‘এ কাজে একটা বড় শক্তি অবশ্যই আমাদের সহযোগী সংগঠনগুলো, যার একটি আমাদের ছাত্রলীগ। মিডিয়া অনেক সমালোচনা করেছে, অনেক কিছু দেখাচ্ছে, সেগুলো নিয়ে অত মাথা ঘামাই না। কাজ করার, দেশসেবা করার যে দৃষ্টিভঙ্গি বঙ্গবন্ধু বপন করে গেছেন, তা জানার চেষ্টা করার জন্যই ছোট ছোট আলোচনা সভা করতে তোমাদের উদ্বুদ্ধ করছি। সবচেয়ে বড় অস্ত্র হলো জ্ঞান।’
ছাত্রলীগ নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘তোমাদের হাতেই ভবিষ্যৎ, সেইভাবেই নিজেকে গড়ে তোলো। ব্যবসা-বাণিজ্য, সফটওয়্যার ইন্ডাস্ট্রি নিজেরা করার চেষ্টা করো। সরকার থেকে ব্যবস্থা করে দেওয়া আছে। আমরা কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি। যাদের চাকরির বয়স নেই, তোমরা প্রতিষ্ঠান গড়ে তোলো। সব, সব আছে। আমরা আগেও তোমাদের সাথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব।’
প্রায় ৫০ মিনিটের বক্তব্যের প্রথম অংশে এইচ টি ইমাম ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে গত নির্বাচনের আগ পর্যন্ত বিভিন্ন জাতীয় ঘটনার বিশ্লেষণ তুলে ধরেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) এ বি এম তাজুল ইসলাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মমতাজ উদ্দিন পাটোয়ারী প্রমুখ।