শেখ মুজিবকে উৎখাত করতে বিপ্লবী সৈনিক সংস্থা করেন ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ মুজিবুর রহমানের সরকারকে উৎখাত করতে তৎকালীন সময়ে বর্তমান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সেনাবাহিনীর মধ্যে গোপনে ‘বিপ্লবী সৈনিক সংস্থা’ তৈরি করেছিলেন বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে ‘৭ নভেম্বর দুনিয়া কাঁপানো গণ-সিপাহী অভ্যুত্থান ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল এ দাবি করেন। তিনি বলেন, ইনুরা বাংলাদেশের নেতৃত্ব নেওয়ার জন্য এ কাজ করেছিলেন। একই সঙ্গে গণবিরোধী সশস্ত্র বিপ্লব করে সরকার উৎখাত করতে চেয়েছিলেন।
জিয়াউর রহমান ও খালেদা জিয়া সম্পর্কে তথ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আওয়ামী লীগ ও জাসদের যেসব নেতা শেখ মুজিবুর রহমানকে উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন, তাঁরাই এখন দেশ চালাচ্ছেন। দেশে হত্যাযজ্ঞ চালাচ্ছেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি বিপ্লব নয়, গণতান্ত্রিক আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এ আলোচনায় সভাপতিত্ব করেন দলটির সভাপতি শফিউল আলম প্রধান। অন্যদের মধ্যে বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ।