আর মাত্র তিন দিন পর ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলন। এ উপলক্ষে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে।
দলটির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বিএনপির শীর্ষস্থানীয় নেতারা এখনো ব্যতিব্যস্ত সম্মেলনের জায়গা নিয়ে। তাঁদের দুশ্চিন্তা, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এত লোকের জায়গা হবে কি না।
বিএনপির নেতারা বলছেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের এত অল্প পরিসরে দলের ৩ হাজার ৬০০ কাউন্সিলরকে বসার জায়গা দেওয়াই মুশকিল হয়ে পড়বে। সম্মেলনে ডেলিগেট আছেন আরও প্রায় ৮ হাজার। তাঁদের জায়গা কোথায় হবে, তা নিয়ে নেতারা চিন্তিত। বিএনপির নীতিনির্ধারকেরা ধারণা করছেন, এবারের সম্মেলনকে ঘিরে দলের প্রায় ৩০ হাজার নেতা-কর্মীর সমাগম হতে পারে।
গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চৌহদ্দির পার্শ্ববতী সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ বরাদ্দ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
বিএনপির সূত্র জানায়, সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতি চলছে। সম্মেলন উপলক্ষে গঠিত ১১টি উপকমিটির নেতারা শেষ মুহূর্তে ব্যস্ত নিজেদের দায়িত্ব নিয়ে। ইতিমধ্যে আন্তর্জাতিক-বিষয়ক উপকমিটি বহির্বিশ্বের বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারের সদস্যদের ই-মেইলে আমন্ত্রণ জানিয়েছে। এখন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতাদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে।
দলের দায়িত্বশীল সূত্রগুলো জানায়, সম্মেলনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ১৪–দলীয় জোটভুক্ত বিভিন্ন দল এবং এ জোটের বাইরেও একাধিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সব শরিক দলের শীর্ষ নেতাদেরও দাওয়াত করা হচ্ছে। এর মধ্যে জোটের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানও আছেন বলে জানা গেছে।
ওই সূত্র জানায়, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছেন। এ ছাড়া হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এবং সদ্য বিভক্ত দলের অপর অংশের দুই শীর্ষ নেতা শরীফ নূরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানকেও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রকাশনা উপকমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান গতকাল প্রথম আলোকে বলেন, সম্মেলনের প্রস্তুতি মোটামুটি শেষ পর্যায়ে। নেতা-কর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ–উদ্দীপনা আছে। সমস্যা হচ্ছে জায়গা নিয়ে। কারণ, বরাদ্দ দেওয়া ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুধু কাউন্সিলদেরই সংকুলান হবে না। আবার সেখানেও প্রশাসন নানা বিধিনিষেধ দিচ্ছে। বলা হচ্ছে, এদিক যাওয়া যাবে না, ওদিক যাওয়া যাবে না।