শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানালেন ফখরুল ও এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের সভাপতি এবং ওবায়দুল কাদের দলটির নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁদের অভিনন্দন জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।
গতকাল এক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান। তিনি বলেন, বিএনপি আশা করে, গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কাজ করবেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এক অভিনন্দন বার্তায় বলেন, শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নেতৃত্বে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ আরও শক্তিশালী ও গতিশীল হবে। তাঁরা দুজন দেশে গণতান্ত্রিক ধারা বিকাশে অনন্য ভূমিকা পালন করবেন। তিনি আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ ছাড়া আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংগঠন। বাংলাদেশ কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, বরিশাল বিভাগ সমিতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গতকাল রোববার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের অভিনন্দন জানায়।
জাতির অনেক প্রত্যাশা: জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, আওয়ামী লীগের নতুন কমিটির কাছে জাতির অনেক প্রত্যাশা। ভবিষ্যতে তারা কী কাজ করে তার ওপর নির্ভর করবে দেশের মানুষের কতটুকু সমর্থন পাবে।
গতকাল রোববার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির অফিসে চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভায় রুহুল আমিন হাওলাদার এ কথা বলেন। উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টি এ আলোচনার আয়োজন করে। তিনি বলেন, আওয়ামী লীগ একটি জাতীয় ঐক্য গঠন করবে, যাতে করে দেশের সব দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে।