শেখ হাসিনা যা বলেন, এরশাদ তাই করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনা আর এরশাদ এক খুঁটিতে বাঁধা। হাসিনা যা বলেন, এরশাদও তাই বলেন ও করেন। শুধু মাঝে মাঝে এরশাদ সরকারের বিষোদ্‌গার করে তাঁর দলকে বিরোধী দল হিসেবে জানান দেওয়ার চেষ্টা করেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা ও মহানগর বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তৃতায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। দুপুর সাড়ে ১২টায় টাউন হল মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন শেষে টাউন হলে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম, নুর মোহাম্মদ মণ্ডল, সাহিদা রহমান, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সাইফুল ইসলাম ও রইচ আহমেদ প্রমুখ।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, দেশে হাসিনার নেতৃত্বে আর নির্বাচন হবে না। দেশের মানুষ সুষ্ঠুভাবে ও নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপি ক্ষমতায় আসবে। এটা আওয়ামী লীগ বুঝে গেছে। এ জন্য বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু তারা সফল হবে না।

এদিকে এই কার্যক্রম উদ্বোধনের আধা ঘণ্টা আগে সমাবেশস্থল থেকে প্রায় ১০০ গজ দূরে টাউন হলের এক কোণে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করা নিয়ে সাময়িক উত্তেজনা দেখা দেয়। এরপর বস্তু দুটি পুলিশ উদ্ধার করে পানির বালতিতে করে নিয়ে যায়।

এ প্রসঙ্গে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, কৌটা দুটির ভেতর ইটের গুঁড়া পাওয়া গেছে। আতঙ্ক ছড়ানোর জন্য কেউ এটি করেছে বলে তিনি মন্তব্য করেন।