শেখ হাসিনা ১৫ মামলা নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন: খন্দকার মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনা ১৫টি মামলার আসামি থাকা অবস্থায় প্রধানমন্ত্রী হয়েছেন। তাই বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে খালেদা জিয়া ও তারেক রহমানের নির্বাচন নিয়ে তাঁর ‘কটূক্তি’ রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ এসব কথা বলেন। তারেক রহমানের ‘কারাবরণ দিবস’ উপলক্ষে বিএনপি ওই আলোচনা সভার আয়োজন করে।
বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে খালেদা জিয়া ও তারেক রহমান পুনর্নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার বলেছিলেন, আসামিকে চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যান করেছে বিএনপি। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, ১/১১-র পর আজকের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নাইকো দুর্নীতি, মিগ-২৯ দুর্নীতি, চাঁদাবাজিসহ ১৫টি মামলা হয়েছিল। ১৫টি মামলার আসামি থাকা অবস্থায় তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি এসব মামলায় জামিন নিয়েছেন কি না—তা নিয়ে সংশয় প্রকাশ করে মোশাররফ প্রশ্ন রাখেন, তিনি নিজে আসামি হয়ে এ ধরনের কথা বলতে পারেন কি না। মোশাররফ বলেন, বিএনপির নেতা কারা নির্বাচিত হবে তা বিএনপির কাউন্সিল, নেতা-কর্মীরা ঠিক করবেন।
খন্দকার মোশাররফ দাবি করেন, আওয়ামী লীগ সরকার হলো ১/১১-র সরকারের সম্প্রসারিত রূপ। তাদের কার্যক্রম আওয়ামী লীগ এখনো অব্যাহত রেখেছে। আওয়ামী লীগ বলেছিল ১/১১-র সরকার তাদের আন্দোলনের ফসল। ১/১১-র ক্রম ধারায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে বাংলাদেশ থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাহিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।