শেখ হাসিনা ২০১৯ সালে হ্যাটট্রিক করবেন: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৯ সালের জাতীয় নির্বাচনে জয়ী হয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাটট্রিক করবেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। একই সঙ্গে তিনি বলেছেন, বিএনপি-জামায়াতের আন্দোলন মোকাবিলায় আগামী জানুয়ারি মাস থেকে ১৪ দল মাঠে নামবে।
রাজধানীর মহানগর নাট্যমঞ্চে গতকাল শুক্রবার গণতন্ত্রী পার্টির জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
১৪-দলীয় জোটের নেতাদের উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘উনি (খালেদা জিয়া) হুমকি দিয়েছেন। সবাই প্রস্তুত থাকবেন। বাংলার মানুষের জানমাল রক্ষায় জানুয়ারি মাস থেকে গ্রামে-গঞ্জের রাজপথে আমরা থাকব। খালেদা জিয়া-জামায়াত-বিএনপির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। শেখ হাসিনা আছেন, শেখ হাসিনা থাকবেন। ২০১৯ সালে নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার বিজয়ী হব। শেখ হাসিনা হ্যাটট্রিক করবেন।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বৈরাচারের মতো আচরণ করবেন না, হুমকি দেবেন না। আপনি কাকে ভয় দেখান? ১৪-দলীয় জোটে যারা আছে, তারা সবাই মুক্তিযোদ্ধা। শেখ হাসিনার সঙ্গে যারা আছে তারা সবাই মুক্তিযুদ্ধের সৈনিক। আপনার সঙ্গে যারা আছে, তারা সবাই রাজাকার-যুদ্ধাপরাধী-জামায়াত।’
সম্মেলনে বিশেষ অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, খালেদা জিয়া শুধু আন্দোলনে সফল হতে পারছেন না বলে জামায়াতকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করছেন। তারেক রহমান ইতিহাস বিকৃতি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
বিশেষ অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে গণতন্ত্র কারারুদ্ধ নয়। বরং যুদ্ধাপরাধ-জঙ্গিবাদ-রাজাকাররা কারারুদ্ধ। খালেদা জিয়া গণতন্ত্রের জন্য কাঁদছেন না। তাঁর কান্না জঙ্গিবাদীদের জন্য। তিনি বলেন, ‘আমাদের এই যাত্রাপথে খালেদা জিয়া তাঁর পুরোনো রাজনীতির কৌশল ছাড়েননি। উনি নির্বাচনে হেরেছেন, কিন্তু নির্বাচন কোনো দিন মেনে নেননি। উনি অস্বাভাবিক রাজনীতি বেছে নিয়েছেন। মিথ্যাচারের রাজনীতি, ইতিহাস বিকৃতির রাজনীতি, বাংলাদেশে জঙ্গিবাদ লেলিয়ে দেওয়ার রাজনীতি তিনি চর্চা করছেন।’
গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আরশ আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের রেজাউর রশীদ খান, ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।