আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বাংলাদেশ বিনির্মাণের কাজ করে যাচ্ছেন। একমাত্র তিনিই দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারেন। গতকাল শনিবার অফিসার্স ক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, ২৬ মার্চ কেবল বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেননি, কীভাবে সরকার গঠন হবে এবং সে সরকারে কারা থাকবেন তাঁর সহকর্মীদের কাছে সবকিছুর দিকনির্দেশনা দিয়ে যান। বঙ্গবন্ধুর নির্দেশেই মুক্তিযুদ্ধ পরিচালনা হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে ইতিহাস বিকৃতি হয়েছে। সেই ইতিহাস বিকৃতি এবং স্বাধীনতাবিরোধী অপশক্তির কারণে দেশের অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। তিনি বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাঁর নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা কায়েম হবে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন খান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক বিশেষ কমিটির সভাপতি রশিদুল আলম ও সদস্যসচিব আবদুল হাই। পরে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।