শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত খালেদা জিয়ার
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক নেতাদের সম্মানে আয়োজিত ইফতারের দাওয়াত দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ২১ জুন বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ ইফতার হবে।
গতকাল সোমবার দুপুরে খালেদা জিয়ার পক্ষে বিএনপির একটি প্রতিনিধিদল দাওয়াতপত্রটি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে পৌঁছে দেয়। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস দাওয়াতপত্রটি গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী এখন দেশের বাইরে আছেন। দাওয়াতপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেব। এটা রাজনৈতিক দলের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করবে।’
বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলের বর্তমান মুখপাত্র আসাদুজ্জামান রিপন, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ ও আসাদুল করিম।
দাওয়াতপত্র পৌঁছে দিয়ে আসাদুজ্জামান সাংবাদিকদের কাছে আশা ব্যক্ত করেন, এর মধ্য দিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হবে।