আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এখনো ষড়যন্ত্র চলছে। কখনো কখনো মনে হয় একটা বুলেট আমাদের নেত্রী শেখ হাসিনার পিছু তাড়া করছে।’ তিনি আরও বলেন, একবার ভাবুন, যদি শেখ হাসিনা না থাকেন, উন্নয়নের কী হবে।
জেলহত্যা দিবসের কর্মসূচি সফল করার লক্ষ্যে গতকাল সোমবার মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে দলের এক প্রস্তুতি সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এই সভার আয়োজন করে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাস্থলে প্রবেশের মুখে তাঁকে ফুলের তোড়া দিয়ে ও ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করেন। এ সময় ওবায়দুল কাদেরের নামে তাঁরা স্লোগানও দেন। পরে বক্তৃতায় কাদের বলেন, ‘অনেক ফুলের মালা দেখেছি। অনেক পুষ্পস্তবক দেখেছি। এখন আর ফুলের দরকার নেই। ফুল সাজিয়েছিলাম ১৯৭৫ সালে। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন। পাপড়িও প্রস্তুত ছিল...ভালোবাসার শ্রদ্ধার ফুল ১৫ আগস্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রক্তাক্ত হয়ে গেল। রক্তাক্ত হলো মানচিত্র। তারপর থেকে ফুল দেখলে ভয় পাই।’
নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘এখন আর দলে কোনো হতাশা নেই। আর ফুল নয়, কথা নয়। সবাই কাজে নেমে পড়ুন। জনগণের সঙ্গে ভালো আচরণ করুন। যাঁরা শৃঙ্খলাবিরোধী কাজ করেছেন, মাঝেমধ্যে করেন, কিছু কিছু অপকর্ম করেছেন—প্লিজ, সংশোধন হোন। নতুবা কাউকে ছাড় দেওয়া হবে না।’
ওবায়দুল কাদের বক্তৃতা করতে উঠলে অনুসারীদের একটি অংশ তাঁর পেছনে গিয়ে দাঁড়ায়। বক্তৃতার শেষের দিকে এসে তিনি পেছন থেকে সবাইকে সরিয়ে দেন এবং একপর্যায়ে মঞ্চ থেকেই নামিয়ে দেন। এ সময় তিনি বলেন, ‘টিভিতে চেহারা দেখানোর জন্য এভাবে দাঁড়িয়েছে। টিভিতে দেখা গেলে এলাকায় গিয়ে বলবে, আমি কি দেখেছ? এটা চলবে না। একটা ডিসিপ্লিনে আসতে হবে।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরও বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।