শেখ হাসিনাকে বাম কমিউনিস্ট বলয় থেকে সতর্ক থাকার আহ্বান
বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাম-কমিউনিস্ট বলয় থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাধীনতা-পূর্ব ও পরবর্তী সময়ের ছাত্রলীগ নেতারা। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন আয়োজিত ‘বাঙালি জাতীয়তাবাদের জীবন্ত ইতিহাস ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় তাঁরা এ আহ্বান জানান।
ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর চাইতেও তাঁর কন্যা শেখ হাসিনা বাম-কমিউনিস্ট দ্বারা বেশি অবরুদ্ধ। এদের হাত থেকে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য যেকোনো আন্দোলন গড়ে উঠলে সেখানে জীবন দিয়ে হলেও থাকব।’ তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের গণমানুষের দল ও নেতা। তারেক রহমানের মতো ছেলেরা এ দল সম্পর্কে যা ইচ্ছে তা বলবে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারেকের সাহস থাকলে এ দেশে আসুক।’
বর্তমান সরকারের সঙ্গে যুক্ত বাম ও গণবাহিনীর সদস্যদের বিরোধিতা করে নূরে আলম বলেন, ‘এরাই একসময় বঙ্গবন্ধুর তুমুল সমালোচনা করে বেড়াত। বর্তমানে তারা সরকারের সাথে ঘর করছে। ছাত্রলীগ ফাউন্ডেশন আজীবন এদের বিরোধিতা করে যাবে।’ তিনি বলেন, ‘শেখ হাসিনা, আপনি বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে আমরা আপনার সমালোচনা করবই।’ ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা সুপরিকল্পিত বলে তিনি উল্লেখ করেন।
ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, ‘এক দিনে ১৫ আগস্ট আসে নাই। একদিন এক সচিব এসে বলল, “ভাই, সচিবালয় তো আর সচিবালয় নাই। ছোট ইয়াহিয়া শেষ করে ফালাইছে।” খবর আমরাও পাই, কোথায় কী হচ্ছে।’
আওয়ামী লীগ প্রশাসননির্ভর ও আমলানির্ভর হয়ে পড়েছে বলে মন্তব্য করেন মোস্তফা মহসিন মন্টু। তারেক রহমানের সমালোচনা করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কোনো প্রকার মন্তব্য করার যোগ্যতা তাঁর নেই।
সভায় আরও বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, নুরুল ফজল, মাহমুদুল ইসলাম চৌধুরী, মাহমুদুর রহমান ও মো. নুরুল আলম।