শেখ হাসিনাকেও কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে: বিএনপি
অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হলে খালেদা জিয়ার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি বলেছে, দেশে যেভাবে খুন-গুম, নৈরাজ্য চলছে, তাতে ভবিষ্যতে শেখ হাসিনাকে একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে।
গতকাল রোববার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বা বিএনপি নৈরাজ্যের রাজনীতিতে বিশ্বাস করে না। বরং প্রধানমন্ত্রীর বক্তব্যই ‘ফ্যাসিবাদী’ আচরণের বহিঃপ্রকাশ।
গত শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, হরতালের নামে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হলে বিএনপির নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধেও ব্যবস্থা হবে। তাঁর এই বক্তব্য গতকাল বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়।
যুগ্ম মহাসচিব বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে ২০-দলীয় জোটের ডাকা আজকের হরতাল হবে শান্তিপূর্ণ। তিনি অভিযোগ করেন, হরতাল সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও জোটের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।