আগামী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। বিএনপিকে সেই নির্বাচনে আসতে হবে। নির্বাচনে না গেলে তা হবে বিএনপির শেষ ভুল।
জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে গতকাল বুধবার সরকারি দলের একাধিক সাংসদ এসব কথা বলেন।
সাংসদ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না। নির্বাচন করতে দেওয়া হবে না। বিএনপি ২০১৪ সালে এই চেষ্টা করেছিল। কিন্তু সফল হয়নি। আগামী নির্বাচনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে হবে। সেই নির্বাচনে খালেদা জিয়াকে আসতে হবে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, আগামী নির্বাচন অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে হবে। বিএনপি না এলে তা হবে তাদের জীবনের শেষ ভুল। তারা মুসলিম লীগে পরিণত হবে।
ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের উদ্দেশে মেনন বলেন, তাঁদের উচিত হবে কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে থাকা এবং এ দেশের নির্বাচনে হস্তক্ষেপ না করা।
বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের হাছান মাহমুদ বলেন, গতবার নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি আইসিইউতে চলে গিয়েছিল। আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির মৃত্যু ঘটবে।