শেখ হাসিনার দেখা পেতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিদ্দিক মিয়া, বয়স প্রায় ৬০ বছর। থাকেন নেত্রকোনায়। তবে এখন কয়েক দিন ধরে ঢাকায় আছেন। তাঁর একটাই চাওয়া—তিনি যেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেন!

আজ মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দেখা মেলে সিদ্দিক মিয়ার। তিনি নৌকার আদলে বানানো একটি ভ্যানে করে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। সঙ্গে দুই ছেলে শাকিব (৭) ও আশিক (৫)।

আওয়ামী লীগ সমর্থক সিদ্দিক মিয়া (৬০) নেত্রকোনা থেকে দলের সম্মেলন উপলক্ষে ঢাকায় আসেন নৌকার আদলে বানানো ভ্যানে করে। মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে যাচ্ছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে। ছবিটি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ–সংলগ্ন মিরপুর রোড থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

জানতে চাইলে সিদ্দিক মিয়া বলেন, তিনি আওয়ামী লীগের সমর্থক। দলটির ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে নেত্রকোনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হন ১৭ অক্টোবর। চার দিন পাঁচ রাত নৌকার মতো করে বানানো ভ্যান চালিয়ে দুই ছেলেসহ তিনি ঢাকায় পৌঁছান ২১ অক্টোবর রাতে। আশা ছিল, শেখ হাসিনার সঙ্গে দেখা করার। কয়েকবার চেষ্টা করেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি। জানালেন, হতাশ লাগছে তাঁর।

আজ নেত্রকোনা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন সিদ্দিক। জানালেন, যাওয়ার আগে বিকেলে আওয়ামী লীগ কার্যালয়ে যাচ্ছেন সদ্যনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করার জন্য।

দলের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা হয়েছে কি না, জানার জন্য রাতে ফোন দিলে সিদ্দিক জানান, ফটকে থাকা প্রহরীরা তাঁকে ঢুকতে দেননি। মনে কষ্ট নিয়ে ফিরে যাচ্ছেন তিনি।