নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আলোচনায় আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলে থাকবেন সভাপতি মণ্ডলীর সদস্য, উপদেষ্টা পরিষদ সদস্য ও যুগ্ম সম্পাদকেরা। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ বুধবার বিকেল চারটায় বঙ্গভবনের দরবার হলে এ আলোচনা হবে।
ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতিকে আওয়ামী লীগের প্রস্তাব ও সুপারিশমালা দিতে ইতিমধ্যে দলটির পক্ষ থেকে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির দুজন সদস্য প্রথম আলোকে বলেন, সংবিধানে রাষ্ট্রপতিকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তার প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা রয়েছে। তাঁরা আশা করেন, গতবারের মতো সার্চ কমিটির মাধ্যমেই রাষ্ট্রপতি সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন উপহার দিতে পারবেন। আগামী ফেব্রুয়ারিতে বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে। তাই এই অল্প সময়ের মধ্যে সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠনই সর্বোত্তম পন্থা।
রাষ্ট্রপতির কাছে আওয়ামী লীগের উপস্থাপিত প্রস্তাব ও সুপারিশমালা সম্পর্কে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে।