শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিস্ময়কর উত্থান ঘটেছে
বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আজ বিস্ময়কর উত্থান হয়েছে। আর এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য খালেদা জিয়া ষড়যন্ত্র শুরু করেছেন। তাঁর এক লোক মোসাদের সঙ্গে বৈঠক করে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচা শিল্পকলা একাডেমিতে যুবলীগ সংবাদচিত্র প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তোফায়েল এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, একজন নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন করছেন আর আরেকজন নেত্রী গোলযোগ সৃষ্টি করে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছেন। শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী না হতেন, এই বাংলাদেশে কোনো দিন বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে কোনো দিন যুদ্ধাপরাধী, মানবতাবিরোধীদের বিচার হতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল কামনা করি।
তোফায়েল আহমেদ আরও বলেন, ‘খালেদা জিয়া স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী, মানবতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে আমাদের অপমানিত করেছিলেন। আমাদের নেত্রী যুদ্ধাপরাধীদের বিচার করে আমাদের কলঙ্কমুক্ত করেছেন।’
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, এসএ টিভির যুগ্ম বার্তা সম্পাদক জাহিদুর রহমান, গাজী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ইকবাল কবির, এটিএন বাংলার প্রধান প্রতিবেদক মনিউর রহমান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী, আতাউর রহমান, ফারুক হোসেন, বেলাল হোসেন প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।