শেখ হাসিনার নেতৃত্বে বিজয় সুসংহত করাই আজকের দিনের অঙ্গীকার: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অসাম্প্রদায়িক চেতনা আরও শক্তিশালী করে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত বিজয় সুসংহত করাই আজকের দিনের অঙ্গীকার। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আজ রোববার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আজ রোববার ধানমন্ডির ৩২ নম্বরে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ১৭ এপ্রিলসহ বিভিন্ন দিবস যাঁরা পালন করেন না, তাঁরা সত্যিকারের মুক্তিযোদ্ধা নন। তাঁরা হলেন ছদ্মবেশী বর্ণচোরা মুক্তিযোদ্ধা। ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে এত দিন পর বিতর্ক করা সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমসহ অন্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।