শেখ হাসিনার পদত্যাগ ছাড়া ঘরে ফেরা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দুর্বার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে তিনি নেতা-কর্মীদের ঘরে না ফেরার পরামর্শ দেন।
গত রোববার পূর্ব লন্ডনের এট্রিয়াম হলে ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা ও কালো দিবস’ শীর্ষক এক আলোচনায় তিনি এ আহ্বান জানান। গত বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি এ সভার আয়োজন করে।
তারেক রহমান বলেন, ‘যখন খবর পাবেন শেখ হাসিনা পদত্যাগ করেছে, ঠিক তখনই রাজপথ ছাড়বেন।’
গতকাল বিএনপির ডাকা আন্দোলনে ঢাকাসহ সারা দেশে লাখ লাখ নেতা-কর্মী ঝাঁপিয়ে পড়েছেন বলে দাবি করেন তারেক রহমান। তিনি বলেন, ‘আজ আমাদের নেতা-কর্মীরা রাস্তায়, তাদের গন্তব্য একটি। সেটি হচ্ছে দেশকে মুক্ত করা, গণতন্ত্রকে ফিরিয়ে আনা।’ এ আন্দোলন থেমে গেলে দেশ এবং দেশের মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে তিনি মন্তব্য করেন।
আন্দোলনে নিরীহ মানুষের যাতে ক্ষতি না হয়, সেদিকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি। এ সময় তিনি তরুণ প্রজন্মকে ফেসবুক বাদ দিয়ে দেশ রক্ষার আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান। এ ছাড়া বিএনপি ক্ষমতায় এলে ‘বেটার বাংলাদেশ’ বানানোর প্রতিশ্রুতিও দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী। সভা পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ।
এ ছাড়া গতকাল স্থানীয় সময় বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা রয়েছে। একই সময় যুক্তরাজ্য আওয়ামী লীগও সেখানে ‘৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করার ঘোষণা দিয়েছে।