স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভায় আ.লীগের নেতারা
শেখ হাসিনার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র হচ্ছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। তাঁরা ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলের নেতারা এ অভিযোগ ও আহ্বান জানান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন একটি জাতির প্রত্যাবর্তন। তিনি দেশে ফিরে দেশকে পূর্ণতা দিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপির একজন নেতা মোসাদের নেতার সঙ্গে বৈঠক করেছেন। তিনি দাবি করেন, ‘যার সঙ্গে বৈঠক হয়েছে, তিনি নিজেই বলেছেন বিএনপির ওই নেতার সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। সরকার উৎখাতের জন্য তাঁরা পরিকল্পনা গ্রহণ করেছেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা যখন বাংলাদেশে আসলেন, তখন অনেকেই লন্ডনে নেত্রীকে পরামর্শ দেন যে আপনি লন্ডন থেকে সরাসরি ঢাকায় যাবেন, ভারত হয়ে নয়। ভারত হয়ে গেলে আপনাকে তারা (তৎকালীন সরকার) ভারতের চর বলবে। শেখ হাসিনা বলেছিলেন, যারা আমাকে আশ্রয় দিয়েছে, তাদের সঙ্গে আমি বেইমানি করব না।’
সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশে নাক গলাবার চেষ্টা করবেন না, চাপ দেওয়ার চেষ্টা করবেন না। এটা বরদাশত করা হবে না।’ সভায় আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ ও সাংবাদিক আবেদ খান। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, নূহ-উল-আলম লেনিন, মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।
আলোচনা সভায় ১৯৮১ সালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনসহ তার জীবন ও কর্ম এবং দেশ ও জাতির উন্নয়নে তার সরকার গৃহীত পদক্ষেপের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র দেখানো হয়। দিনটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চিত্র প্রদর্শনীর আয়োজন করে শিল্পকলা একাডেমি।