শেখ হাসিনার হাত শক্তিশালী করতে চান নাজমুল হুদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটকে সমর্থন জানিয়েছেন বিএনপি সরকারের সাবেক মন্ত্রী নাজমুল হুদা। এখন থেকে তাঁর বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) ১৪ দলের কর্মসূচিতে যৌথভাবে সংহতি প্রকাশ করে অংশ নেবে বলে জানিয়েছেন তিনি।
গতকাল সোমবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সঙ্গে মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে নাজমুল হুদা এ কথা জানান। দেশে চলমান গুপ্তহত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী ১৯ জুন মানববন্ধন কর্মসূচি পালন করবে ১৪ দল। এই কর্মসূচি সফল করতে নাজমুল হুদার নেতৃত্বাধীন জোটের সঙ্গে গতকাল বৈঠক হয়।
সংবাদ সম্মেলনে নাজমুল হুদা বলেন, ‘সন্ত্রাস দমনে রাজনীতির কোনো সুযোগ নেই। এ জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিচ্ছেন তাকে আমরা পূর্ণ সমর্থন করি। রাস্তার রাজনীতি শেষ। এখন আর রাজপথে মারামারি, হানাহানি, সন্ত্রাস, অহেতুক ধর্মঘট নেই। একটা শান্তিময় পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী এসব সন্ত্রাস বন্ধ করতে পেরেছেন এ জন্য তাঁকে ধন্যবাদ।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশে সাম্প্রতিক গুপ্তহত্যার প্রতিবাদে জাতীয় জোটের নেতৃবৃন্দ এসেছেন, এ জন্য নাজমুল হুদাকে ধন্যবাদ। তাঁদের সঙ্গে আজ যে মতবিনিময় শুরু হলো, এ-প্রক্রিয়া অব্যাহত থাকবে। অন্যান্য অসাম্প্রদায়িক দলগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে মতবিনিময় করবে ১৪ দল।’
নাসিম অভিযোগ করেন, বিএনপি-জামায়াতের ‘টার্গেট কিলিংয়ের’ শিকার হচ্ছে দেশের সাধারণ মানুষ। তারা উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, ফজলে হোসেন বাদশা, শরীফ নুরুল আম্বিয়া, শিরীন আখতার প্রমুখ।