জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতির পদ থেকে সোলায়মান আলম শেঠের অব্যাহতি আদেশ প্রত্যাহার এবং কেন্দ্রঘোষিত সম্মেলন প্রস্তুতি বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা।
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী লিখিত বক্তব্যে এই দাবি জানান।
দাবির সমর্থনে সংবাদ সম্মেলনে আগামী বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন, বৃহস্পতিবার চট্টগ্রাম শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ এবং আগামী ২ অক্টোবর চট্টগ্রামে সংবাদ সম্মেলনের মাধ্যমে নবগঠিত সম্মেলন প্রস্তুতি কমিটি থেকে গণপদত্যাগ এবং ২৫ অক্টোবর ঢাকায় জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, সোলায়মান আলম শেঠ চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির হাল ধরার পর সংগঠনে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে শেঠের বিরুদ্ধে একটি কুচক্রী মহল মহাসচিব জিয়াউদ্দিন আহমেদের কাছে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে। এতে দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলনে মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মাহজাবীন মোরশেদের বিরুদ্ধে খেয়ালখুশিমতো সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের অভিযোগ আনা হয়।
গতকাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবু জাফর মোহাম্মদ কামাল, আলী ইমরান চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।