শেরপুরে আ. লীগের 'বিদ্রোহী' প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
শেরপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদ থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবীর। আজ রোববার বিকেলে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা অঞ্জন চন্দ্র পালের কাছে তিনি তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জানান।
রিটার্নিং কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে হুমায়ুন কবীর দুপুরের দিকে শেরপুর পৌর টাউন হলে এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ওই সময় শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ও জেলা যুবলীগ সভাপতি মো. হাবিবুর রহমান ছাড়াও স্থানীয় কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ‘দলের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে হুমায়ুন কবীর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাঁর এ সিদ্ধান্ত সঠিক ও সময়োচিত। আমরা তাঁর এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।’