শেরপুরে আ.লীগে উচ্ছ্বাস বিএনপিতে হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দ্বিতীয় ও তৃতীয় ধাপে ভরাডুবির পর চতুর্থ ধাপে আওয়ামী লীগ বড় ধরনের সাফল্য পেয়েছে। ফলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
৭ মে শনিবার অনুষ্ঠিত নির্বাচনে শেরপুরের সদর ও ঝিনাইগাতী উপজেলার ১৪ ইউপির কোনোটিতেই বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীরা জয়লাভ করতে পারেননি। এতে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে শেরপুর সদরের সাত ইউপির মধ্যে আওয়ামী লীগ ছয়টি ও আওয়ামী লীগের বিদ্রোহী একটি এবং ঝিনাইগাতীর সাত ইউপির মধ্যে আওয়ামী লীগ পাঁচটি, আওয়ামী লীগের বিদ্রোহী একটি ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী একটি ইউপিতে জয়লাভ করেছেন। তবে বিএনপি জয় না পেলেও ঝিনাইগাতীর অধিকাংশ ইউপিতে দলের প্রার্থীরা দ্বিতীয় স্থানে রয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা গেছে, নির্বাচনে শেরপুর সদরের ভাতশালা ইউপিতে আওয়ামী লীগের রফিকুল ইসলাম, গাজীরখামারে আওলাদুল ইসলাম, বাজিতখিলায় আমির আলী সরকার, ধলায় রহিজ উদ্দিন ও পাকুড়িয়ায় মো. হায়দার আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদরের কামারিয়া ইউপিতে সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. আতিউর রহমানের ভাই মো. আব্দুল বারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সদরের রৌহা ইউপিতে আ.লীগের বিদ্রোহী মো. শফিকুল ইসলাম মিজু জয়লাভ করেছেন।
ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউপিতে আওয়ামী লীগের আইয়ুব আলী, কাংশায় জহুরুল হক, হাতিবান্ধায় নুরুল আমীন, গৌরীপুরে হাবিবুর রহমান ও ধানশাইলে শফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন। ঝিনাইগাতী সদর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোফাজ্জল হোসেন ও মালিঝিকান্দা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নূরুল ইসলাম জয়লাভ করেছেন।
আওয়ামী লীগের কয়েকজন স্থানীয় নেতা-কর্মী জানান, ৭ মের নির্বাচনে সদর ও ঝিনাইগাতীর কয়েকটি ইউপিতে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী থাকলেও এবার তাঁরা তেমন সুবিধা করতে পারেননি। চতুর্থ ধাপে আওয়ামী লীগের বড় সাফল্যে দলের নেতা-কর্মীরা উল্লসিত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসার পরপরই কর্মী-সমর্থকদের বিজয় মিছিলে গ্রামীণ জনপদ মুখরিত হয়ে ওঠে। অপর দিকে দলের ভরাডুবিতে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে নেমে আসে হতাশা।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ঝিনাইগাতীতে তাঁদের দলের প্রার্থীরা দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীর সঙ্গে তাঁদের ভোটের ব্যবধানও খুব কম। নির্বাচনে প্রশাসনের ভূমিকা ইতিবাচক হলেও সূক্ষ্ম কারচুপির মাধ্যমে তাঁদের দলীয় প্রার্থীদের হারানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল বলেন, জনগণ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন এবং বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করেন। তাই নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও জনগণ বিপুল ভোটে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করেছেন।