শেরপুরে আট মাস পর আ.লীগের জনসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট মাস পর শেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে গত মঙ্গলবার জনসভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী পালন, একুশে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের দাবিতে এ জনসভা হয়।
গত মঙ্গলবার রাতে শহরের রঘুনাথ বাজার এলাকায় অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান। এর আগে চলতি বছরের ২ জানুয়ারি একই স্থানে জেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর নির্বাচন-পরবর্তী এক জনসভা অনুষ্ঠিত হয়েছিল।
দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ মে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। তখন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন আতিউর রহমান ও চন্দন কুমার পাল। এরপর ১৪ মাস পার হয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেননি তাঁরা। এতে হতাশ হয়ে অনেক নেতা-কর্মী দলীয় কর্মসূচিতে আগ্রহ হারিয়ে ফেলেন।
গত মঙ্গলবার রাতের জনসভার পর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ফখরুল মজিদ খোকন প্রথম আলোকে বলেন, কিছুদিন পরে হলেও এ বিশাল জনসভার মাধ্যমে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেয়েছে ও সুসংহত হয়েছে। সেই সঙ্গে কর্মীদের মধ্যে দলীয় কর্মসূচি পালনে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দলের কেন্দ্রীয় কমিটির অনুমোদন সাপেক্ষে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে তিনি আশা করছেন।
সভায় বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমির আলী সরকার ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম ও সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত প্রমুখ।
সভার সভাপতি হুইপ আতিউর রহমান বলেন, বঙ্গবন্ধু আর বাংলাদেশ অভিন্ন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তখন বিএনপির নেতৃত্বে জেএমবি নামধারী জামায়াত-শিবিরের সদস্যরা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন স্থানে হামলা এবং দেশি-বিদেশি নিরীহ মানুষকে হত্যা করেছে। একুশে আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আতিউর রহমান বলেন, বাংলাদেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ চিরদিনের জন্য নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।